বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার আজ জন্মদিন। আজ শনিবার (১১ জুলাই) ৪৪ বছর পূর্ণ করে ৪৫ বছরে পা রাখলেন তিনি। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা ধরে রেখেছেন পূর্ণিমা। সময়ের সঙ্গে বয়স বাড়লেও তার সৌন্দর্য, ব্যক্তিত্ব ও পর্দা উপস্থিতি এখনও ভক্তদের মুগ্ধ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি প্রকাশ পেলেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় পূর্ণিমার। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি।
এরপর একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে দেশের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রায় ২৮ বছরের ক্যারিয়ারে তিনি প্রায় ৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৩ সালে মুক্তি পাওয়া ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার মনের মাঝে তুমি চলচ্চিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম সফল কাজ হিসেবে বিবেচিত হয়।
অভিনয়জীবনে সবচেয়ে বেশি জুটি বেঁধেছেন চিত্রনায়ক রিয়াজের সঙ্গে। এছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভসহ দেশের শীর্ষ অভিনেতাদের বিপরীতেও অভিনয় করেছেন তিনি।
বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যনির্ভর সিনেমাতেও অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন পূর্ণিমা। সুভা, শাস্তি এবং মেঘের পরে মেঘ–এর মতো চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে। কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
চলচ্চিত্রের পাশাপাশি উপস্থাপনা ও টেলিভিশন নাটকেও কাজ করেছেন পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে তিনি এখনও দর্শকের কাছে সমান জনপ্রিয় ও সমাদৃত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!