বিনোদন

‘আমি প্রতারণা করিনি’, অতীতের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রভা

আপডেট: জুলা ১৫, ২০২৬ : ০৬:১৩ এএম
‘আমি প্রতারণা করিনি’, অতীতের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রভা

ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের আলোচনা-সমালোচনার মধ্যে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেছেন, অতীতের সম্পর্কের ক্ষেত্রে তিনি কারও সঙ্গে প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি। বরং সম্পর্কটি বিয়ে পর্যন্ত না গড়ানোর জন্য আগেই চেষ্টা করেছিলেন।

সম্প্রতি প্রকাশিত ওই পডকাস্টে প্রভা বলেন, তাঁকে অনেকেই বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেন। তবে বাস্তবতা ভিন্ন ছিল। প্রভা বলেন, ‘আমাকে মানুষ বলে আমি বিশ্বাসভঙ্গ করেছি। কিন্তু আমি বিশ্বাসভঙ্গ করিনি। একটা ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে। প্রায় ১৫–২০ দিন আমি আমার পরিবার এবং যার সঙ্গে আমার এনগেজমেন্ট হয়েছিল, দুপক্ষকেই বোঝানোর চেষ্টা করেছি, যেন বিষয়টি বিয়ে পর্যন্ত না গড়ায়।’

তিনি জানান, সে সময় পারিবারিকভাবেও নানা জটিলতা ছিল। পরিবারের আপত্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সম্পর্কটি নিয়ে দীর্ঘ সময় আলোচনা চলেছিল এবং বিষয়টি কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না।

এনগেজমেন্ট ভেঙে যাওয়ার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এনগেজমেন্ট হয়ে যাওয়ার পর সেটা ভাঙা সহজ ছিল না। আমাদের প্রায় ৯–১০ মাসের দূরত্ব ছিল। সেই সময় সম্পর্ক ভাঙা-জোড়ার মতো পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয়েছে।’

প্রভা দাবি করেন, পরবর্তী সময়ে তাঁর জীবনে যে সম্পর্ক এসেছে, সেটিও তিনি গোপন করেননি। নিজের অবস্থান স্পষ্ট রেখে তিনি বলেন, ‘আমার জীবনে যার সঙ্গে সম্পর্ক হয়েছিল, সেটা আমি লয়ালিটির জায়গা থেকেই জানিয়েছি। এমন না যে একদিন হঠাৎ করে সবাই জানতে পারল আমি বিয়ে করে ফেলেছি।’

সমালোচনার জবাবে প্রভা বলেন, তাঁর জীবনের কঠিন সময়গুলো যারা কাছ থেকে বুঝেছেন, তারা জানেন তিনি কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন।

তিনি বলেন, *‘ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। যারা আমাকে ভালোবাসে, তারা জানে আমি অনেক কঠিন সময় পার করেছি। শুধু এটুকুই বলতে চাই, আমি প্রতারণা করিনি।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!