নিজের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত অভ্যাস নিয়েও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বিশেষ করে সাক্ষাৎকার বা ক্যামেরার সামনে কথা বলার সময় বারবার চুলে হাত দেওয়ার অভ্যাস নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের ট্রলের মুখে পড়ছেন তিনি। এবার বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পাওয়া পরিচালক চৈতি ঘোষালের ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রচারণায় অংশ নিয়ে ঋতুপর্ণা জানান, বারবার চুলে হাত দেওয়া তাঁর দীর্ঘদিনের একটি অভ্যাস, যা তিনি নিজেও বদ অভ্যাস হিসেবে মনে করেন। ঋতুপর্ণা বলেন, ‘আমার একটাই বদ অভ্যাস—কথা বলতে বলতে বারবার চুলে হাত দিই। আমার সব সময় মনে হয়, চুলটা ঠিকমতো সেট আছে তো? তাই বারবার চুলে হাত দিয়ে দেখে নিই ঠিক আছে কি না।’
তিনি জানান, এই অভ্যাস নতুন নয়; ছোটবেলা থেকেই এটি তাঁর মধ্যে রয়েছে। অভিনেত্রীর ভাষায়, ‘এটা অনেক ছোটবেলার অভ্যাস। তবে সব সময় এমন হয় না। ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন জানি বেশি সচেতন হয়ে যাই। তখন অজান্তেই চুলে হাত দিয়ে ফেলি। একা থাকলে এতটা করি না।’
ঋতুপর্ণার এই অভ্যাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা মন্তব্য দেখা যায়। কেউ কেউ বিষয়টি নিয়ে রসিকতা করেন, আবার কেউ সমালোচনাও করেন। তবে অভিনেত্রী বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন এবং এটিকে নিজের দীর্ঘদিনের স্বভাবগত আচরণ বলেই উল্লেখ করেছেন।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘নেভার মাইন্ড’ সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা অমর্ত্য। সিনেমাটি নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি অভিনেত্রীর ব্যক্তিগত অভ্যাস নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!