বিনোদন

মা হতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার, সুখবর জানালেন নিজেই

আপডেট: জুলা ১৬, ২০২৬ : ০৬:১১ এএম
মা হতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার, সুখবর জানালেন নিজেই

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সরকার মা হতে চলেছেন। স্বামী সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে এ সুখবর জানিয়েছেন তিনি।

বুধবার নিজেদের যৌথ ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেন এই তারকা দম্পতি। ছবিগুলোতে সোহিনীর বেবিবাম্প স্পষ্ট দেখা যায়। ছবির ক্যাপশনে তাঁরা লেখেন, ‘আমরা দুই থেকে তিনের পথে।’

সুখবরটি প্রকাশের পর সহশিল্পী, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। অভিনেত্রী অলিভিয়া সরকার, মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা রায়চৌধুরীসহ অনেকেই তাঁদের অভিনন্দন জানিয়েছেন।

গত কয়েক দিন ধরেই টালিউডে সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছিল। তবে এতদিন এ বিষয়ে মুখ খোলেননি এই দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে শেষ পর্যন্ত খবরটি নিশ্চিত করলেন তাঁরা।

২০২৪ সালের ১৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করা এই দম্পতি বিয়ের আয়োজনও সীমিত পরিসরেই সম্পন্ন করেছিলেন।

সম্প্রতি সোহিনীকে ‘ফেরা’ সিনেমায় দেখা গেছে। মাতৃত্বের প্রস্তুতির কারণে আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। নতুন কোনো কাজও হাতে নিচ্ছেন না বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!