বলিউড অভিনেত্রী কাজল জানিয়েছেন, তিনি বাংলা সিনেমা নিয়মিত দেখেন না। তবে সময় ও সুযোগ মিললে বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী।
শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কাজল। বাংলা সিনেমা দেখেন কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি বলেন, ‘না।’ তবে বাংলা ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে বলেও জানান।
বাংলায় শিকড় থাকা কাজল স্বীকার করেন, তিনি এখনো বাংলা ভাষায় খুব সাবলীল নন। অভিনেত্রী তনুজার মেয়ে কাজলকে প্রশ্ন করা হয়, মায়ের মতো অভিনেত্রী হতে পেরেছেন কি না। জবাবে তিনি বলেন, ‘এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’
অনুষ্ঠানে নিজের কাজের অভ্যাস নিয়েও কথা বলেন কাজল। তিনি জানান, শৃঙ্খলাবোধকে সব সময় গুরুত্ব দেন। তাঁর ভাষায়, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম মানুষই সময়মতো শুটিং সেটে আসেন। আমি তাদের একজন। আবার কাজ শেষ হলে সময়মতো সেট থেকেও বেরিয়ে যাই।’
এবারের ‘বছরের বেস্ট ২০২৬’ পুরস্কার পেয়েছেন অভিনেতা দেব, পাওলি দাম, গায়িকা নিকিতা গান্ধী, নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুসহ আরও অনেকে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!