বিনোদন

আর্জেন্টিনার হারে ‘আটকে গেল’ পরীমণির বিয়ের ঘোষণা

আপডেট: জুলা ২০, ২০২৬ : ০৫:৩৫ এএম
আর্জেন্টিনার হারে ‘আটকে গেল’ পরীমণির বিয়ের ঘোষণা

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার হার শুধু দলটির সমর্থকদেরই হতাশ করেনি, হতাশ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণিও। প্রিয় দলের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আগের একটি ঘোষণার প্রসঙ্গ টেনে রসিকতাপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

রোববার রাতে ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ পোস্টের সঙ্গে দুঃখ ও ভালোবাসার ইমোজিও যুক্ত করেন তিনি।

এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে পরীমণি মজার ছলে ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রিয় দল বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। সেই সময়ের পোস্টে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল।’

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর সেই ঘোষণারই রসিকতাপূর্ণ পরিণতি টানলেন অভিনেত্রী। তাঁর পোস্টটি প্রকাশের পর ভক্তদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে নিছক ফুটবল–আবেগ থেকে দেওয়া হাস্যরসাত্মক মন্তব্য হিসেবে দেখেছেন।

ব্যক্তিজীবন নিয়ে এর আগেও একাধিকবার আলোচনায় এসেছেন পরীমণি। সর্বশেষ অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তাঁর সংসার ভাঙার পর ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!