ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বড় স্বীকৃতি পেয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ২০২৪ সালের আলোচিত রাজনৈতিক–অ্যাকশনধর্মী চলচ্চিত্র আর্টিকেল ৩৭০–এ অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। একই সঙ্গে ছবিটি পেয়েছে সেরা ফিচার ফিল্মের পুরস্কার।
ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় ভক্ত, জুরি বোর্ড এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়ামি।
তিনি লিখেছেন, ‘প্রতিটি যাত্রায় এমন একটি মুহূর্ত আসে, যা মনে করিয়ে দেয় কেন কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আজ আমার জন্য সেই মুহূর্ত। আর্টিকেল ৩৭০–এর জন্য জাতীয় পুরস্কার পাওয়া এমন এক সম্মান, যা সারাজীবন মনে রাখব।’
১৪ বছরের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে ইয়ামি বলেন, তিনি সব সময় নিজের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছেন এবং অভিনয় দিয়েই নিজের অবস্থান তৈরি করতে চেয়েছেন।
তার ভাষায়, ‘এই সম্মান আমার আশা, অধ্যবসায় এবং সিনেমার প্রতি ভালোবাসার স্বীকৃতি। বহু বছরের লালিত একটি স্বপ্ন আজ পূরণ হয়েছে। আমি গভীর কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে এই সম্মান গ্রহণ করছি।’
অভিনেত্রী জানান, আর্টিকেল ৩৭০ তার কাছে শুধু একটি সিনেমা নয়, বরং গভীর বিশ্বাসের একটি প্রকল্প ছিল। ছবিটির প্রতিটি দৃশ্য ও প্রতিটি চ্যালেঞ্জের পেছনে ছিল গল্পটিকে সততার সঙ্গে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা।
ছবিটি প্রযোজনা করেছে ইয়ামি গৌতমের স্বামী, নির্মাতা আদিত্য ধরের প্রযোজনা প্রতিষ্ঠান। সে কারণে এই স্বীকৃতিকে তিনি শুধু পেশাগত অর্জন নয়, ব্যক্তিগতভাবেও অত্যন্ত আবেগের বলে উল্লেখ করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!