দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা দিক নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন সিনেমা আজও অর্ধাঙ্গিনী নিয়ে ব্যস্ততার মধ্যেই তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের একটি অভ্যাস চাইলেও ছাড়তে পারছেন না।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল–কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ছোটবেলা থেকেই তার পান খাওয়ার অভ্যাস। সেই অভ্যাসের শুরু হয়েছিল ঠাকুরমার হাত ধরেই।
জয়ার ভাষ্য, ছোটবেলায় ঠাকুরমা পান সাজলে তিনি অল্প করে তাকে খেতে দিতেন। সেখান থেকেই ধীরে ধীরে পান খাওয়ার অভ্যাস গড়ে ওঠে, যা আজও রয়ে গেছে।
অভিনেত্রী জানান, বহুবার চেষ্টা করেও তিনি এই অভ্যাস বদলাতে পারেননি। তিনি বলেন, ‘ঠাকুরমার কথা মনে পড়লেই পান খেতে ইচ্ছা করে। আমাকে দেখে হয়তো বোঝা যায় না, কিন্তু আমি অনেক পান খাই। এমনও হয়েছে, পানের কৌটা নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও চলে গেছি।’
জয়া আরও বলেন, পরিবারের সদস্যরা বারবার এই অভ্যাস ছাড়তে বললেও তিনি এখনো সফল হননি। তবে নিজেও চান পান খাওয়ার পরিমাণ কমিয়ে আনতে।
সম্প্রতি মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত আজও অর্ধাঙ্গিনী। ২০২৩ সালে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র অর্ধাঙ্গিনী–এর ধারাবাহিকতায় নির্মিত এ ছবিতে আবারও অভিনয় করেছেন জয়া আহসান। ছবিটি গত ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!