বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’–এ বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন। আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় পশ্চিমবঙ্গের সান বাংলায় প্রচারিত হবে এ বিশেষ পর্ব।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটির ধারণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় প্রচারিত এই পর্বে প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন জয়া আহসান।
নারীকেন্দ্রিক এই রিয়্যালিটি শোতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারীরা নিজেদের জীবনসংগ্রাম, সাফল্য ও অভিজ্ঞতার গল্প তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে তাঁদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন জয়া।
এদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত ছবিটি কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
বড় পর্দায় নতুন সিনেমা মুক্তির মধ্যেই এবার ছোট পর্দার বিশেষ আয়োজনে দর্শকদের সামনে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!