বিনোদন

জিম নয়, বাগানেই ফিটনেসের রহস্য খুঁজে পান জয়া আহসান

আপডেট: জুলা ২৮, ২০২৬ : ০৬:২৩ এএম
জিম নয়, বাগানেই ফিটনেসের রহস্য খুঁজে পান জয়া আহসান

বয়সকে যেন থামিয়ে রেখেছেন জয়া আহসান। দীর্ঘদিন ধরেই তার তারুণ্য, ফিটনেস ও সৌন্দর্য নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে নিয়মিত জিম বা কঠোর ডায়েট নয়, বরং বাগান করা আর কায়িক পরিশ্রমই নিজের সুস্থ থাকার অন্যতম রহস্য বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেন, নিয়মিত জিম করার অভ্যাস তার নেই। নতুন কোনো সিনেমার শুটিংয়ের প্রয়োজন হলে কয়েক মাস আগে পিলাটিজ বা শরীরচর্চা করলেও দৈনন্দিন জীবনে তিনি বেশি ভরসা করেন স্বাভাবিক শারীরিক পরিশ্রমের ওপর।

জয়ার ভাষায়, নিজের বাগানের কাজই তার সবচেয়ে প্রিয় ব্যায়াম। মাটি প্রস্তুত করা, কোদাল দিয়ে মাটি কোপানো কিংবা সবজি চাষ—এসব কাজ তিনি নিজেই করেন। তার মতে, এ ধরনের পরিশ্রম শরীরকে সচল ও কর্মক্ষম রাখতে সাহায্য করে।

খাদ্যাভ্যাসেও প্রাকৃতিক জীবনধারাকেই গুরুত্ব দেন এই অভিনেত্রী। নিজের বাগানে উৎপাদিত রাসায়নিকমুক্ত শাকসবজি দিয়ে রান্না করা খাবারই বেশি পছন্দ তার। তবে মাঝেমধ্যে পিৎজা বা বাইরের খাবার খেলেও তা নিয়ে অপরাধবোধে ভোগেন না। সুস্থ জীবনযাপনের জন্য ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাসকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।

জয়ার এই জীবনধারার সঙ্গে একমত স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। তাদের মতে, বাগান করা বা মাটির কাজ শরীরচর্চার একটি কার্যকর উপায়। এতে ক্যালোরি ক্ষয় হওয়ার পাশাপাশি পেশি শক্তিশালী হয়, শারীরিক সহনশীলতা বাড়ে এবং রোদে কাজ করার ফলে শরীরে ভিটামিন ‘ডি’-এর ঘাটতিও পূরণ হয়। পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো মানসিক চাপ কমাতেও ইতিবাচক ভূমিকা রাখে।

অভিনয়ের পাশাপাশি স্বাস্থ্যকর ও প্রকৃতিনির্ভর জীবনযাপনের জন্যও জয়া আহসান বরাবরই অনুরাগীদের কাছে অনুপ্রেরণার নাম।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!