ভালোবাসার কোনো ভৌগোলিক সীমানা নেই—এ কথারই আরেকটি উদাহরণ হয়ে উঠলেন পাকিস্তানের জনপ্রিয় ভ্লগার রুবিনা মারুফ। এক বাংলাদেশি যুবককে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। সম্প্রতি পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে একাধিক ছবি প্রকাশ করে সুখবরটি নিজেই জানান রুবিনা। এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘একজন বাংলাদেশিকে বিয়ে করলাম। পুরো প্রক্রিয়াটির ওপর ভরসা রাখা সব সময় সহজ ছিল না। কিন্তু জীবনের পথ যেদিকে যাওয়ার কথা ছিল, সেটি মেনে নেওয়াই আমাকে এমন এক আনন্দ দিয়েছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
নিকাহর দিনের অনুভূতি তুলে ধরে রুবিনা আরও বলেন, বাবা-মায়ের মুখে গর্ব ও আনন্দের হাসি দেখাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি লেখেন, ‘সীমান্ত পেরিয়ে এই ভালোবাসা, নতুন শুরু এবং একজন বাংলাদেশি জীবনসঙ্গী পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ। আমার হৃদয় আজ পরিপূর্ণ। বাবা-মাও ভীষণ আনন্দিত। জীবনের বাকি পথচলা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’
রুবিনার জীবনের এই অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশেরও এক পারিবারিক ইতিহাস। পাকিস্তানে বেড়ে উঠলেও তাঁর পরিবারের শিকড় বাংলাদেশের যশোরে। ১৯৬৮ সালে তাঁর বাবা যশোর ছেড়ে পাকিস্তানের পাঞ্জাবে চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কয়েক দশক পর সেই পরিবারেরই এক সদস্য বাংলাদেশের এক তরুণকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন।
রুবিনার এই বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুই দেশের অসংখ্য অনুসারী নবদম্পতিকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!