বিনোদন

৯ বছরে কতটা বদলেছে পূজা চেরীর লুক, পুরোনো ছবি ঘিরে ভক্তদের আলোচনা

আপডেট: জুলা ২৯, ২০২৬ : ০৬:৩১ এএম
৯ বছরে কতটা বদলেছে পূজা চেরীর লুক, পুরোনো ছবি ঘিরে ভক্তদের আলোচনা

সময় বদলের সঙ্গে বদলেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীর লুকও। নয় বছর আগের একটি ছবি এবং বর্তমানের একটি ছবি পাশাপাশি প্রকাশ করে সেই পরিবর্তনের গল্পই তুলে ধরেছেন তিনি। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ভক্তদের নানা আলোচনা।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন পূজা। একটি ২০১৭ সালের, অন্যটি ২০২৬ সালের। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘২০১৭ বনাম ২০২৬। সময় কত দ্রুত চলে যায়…।’

দুটি ছবিতে পূজার চেহারা ও ব্যক্তিত্বের পরিবর্তন স্পষ্ট। ২০১৭ সালের ছবিতে তিনি ছিলেন কিশোরী, আর বর্তমানের ছবিতে পরিণত এক অভিনেত্রী।

পূজা চেরী ২০১২ সালে ভালোবাসার রঙ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। পরে ২০১৮ সালে নূর জাহান দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। একই বছর পোড়ামন ২ ও দহন–এর সাফল্যে আলোচনায় চলে আসেন তিনি।

এরপর শান, গলুই, হৃদিতা, জ্বীন, লিপস্টিক, আগন্তুক ও দম–সহ একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন এই অভিনেত্রী।

পূজার নতুন পোস্টে ভক্তদের মন্তব্যেও উঠে এসেছে সময়ের ছাপ। কেউ লিখেছেন, ‘আগেই বেশি কিউট ছিলে।’ কেউ বলেছেন, ‘টিনএজ বনাম ম্যাচিউর।’ আবার অনেকের মতে, সময় বদলালেও পূজার হাসি ও ব্যক্তিত্বে খুব বেশি পরিবর্তন আসেনি। কেউ কেউ মজার ছলে তাঁকে বিয়ের পরামর্শও দিয়েছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী।

সবশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া মাসুদ রানা সিনেমায় দেখা গেছে পূজা চেরীকে। সৈকত নাসির পরিচালিত ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রাসেল রানা, সৈয়দা তৌহিদা হক তীথি, গাজী রাকায়েত ও অমিত হাসান। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পায়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!