বলিউড অভিনেতা আমির খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও ভয়েস নোট ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। ওই বার্তায় তাঁকে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ এনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তবে বার্তার সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভাইরাল হওয়া পোস্ট ও ভয়েস নোটে আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই নামের দুজন নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এই হুমকি দিয়েছে বলে দাবি করা হয়েছে।
বিষয়টি তদন্ত করছে মুম্বাই পুলিশ। পুলিশ কমিশনার দেবেন ভারতী জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা যাচাই করা হচ্ছে।
তিনি বলেন, এখন পর্যন্ত আমির খান বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদমও জানিয়েছেন, অভিনেতা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে। প্রয়োজন হলে তাঁর নিরাপত্তা জোরদারের বিষয়টিও বিবেচনা করা হবে।
এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একাধিকবার বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এবার একই গ্যাংয়ের নাম ব্যবহার করে আমির খানকে ঘিরেও হুমকির অভিযোগ সামনে আসায় বলিউডে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হুমকির বার্তাগুলোর সত্যতা সম্পর্কে কোনো নিশ্চিত মন্তব্য করেনি মুম্বাই পুলিশ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!