বিনোদন

নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা, সামাজিক বার্তা দিলেন শাবনূর

আপডেট: জুলা ৩১, ২০২৬ : ০৫:৪০ এএম
নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা, সামাজিক বার্তা দিলেন শাবনূর

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। অস্ট্রেলিয়ায় বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

এবার নতুন কয়েকটি ছবি প্রকাশের পাশাপাশি একটি বার্তাও দিয়েছেন, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে চারটি নতুন ছবি পোস্ট করেন শাবনূর। কমলা রঙের ব্লেজারে তোলা ছবিগুলোতে তাঁর সামনে ছিল রঙিন ফুলের সাজ। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’

পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তাতে ১২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং এক হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। মন্তব্যে অনেকেই শাবনূরের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এক ভক্ত লেখেন, ‘আপনার সবচেয়ে বড় গুণ, আপনি স্রোতে গা ভাসান না। কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে তার জবাব দেন না। আর এজন্যই আপনি শাবনূর।’

আরেকজন মন্তব্য করেন, ‘আমরা আপনার ভক্তরা বিবেচনাহীন মানুষের কথা অবিবেচকের মতো বিশ্বাস করি না।’ কেউ কেউ তাঁর সৌন্দর্য ও ব্যক্তিত্বেরও প্রশংসা করেন।

প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে সিনেমাটির কাজ শেষ হয়নি। এর মধ্যে ছবিটির কিছু অসম্পাদিত দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। এরপর নতুন কোনো চলচ্চিত্রে তাঁকে দেখা যায়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!