ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এ মুক্তি পাওয়া লুক আ লাইক নাটকের একটি প্রচারণামূলক পোস্টারে নিজের ব্যক্তিগত ছবি ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবি নিয়ে পোস্টারে ব্যবহার করা হয়েছে, যা পেশাদার আচরণের পরিপন্থী। বৃহস্পতিবার নাটকটি মুক্তির দিন নতুন একটি পোস্টার প্রকাশ করে ‘বঙ্গ’। তবে সেখানে নাটকের কোনো দৃশ্য বা চরিত্রের লুকের পরিবর্তে প্রভার ব্যক্তিগত একটি ছবি ব্যবহার করা হয়। পোস্টারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্যও দেখা যায়।
বিষয়টি নজরে আসার পর ফেসবুকে প্রতিক্রিয়া জানান প্রভা। তিনি বলেন, পোস্টারটির ডিজাইনার গুরুতর ভুল করেছেন। ছবিটি তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে এবং সেটি তিনি নিজেই ব্লুটুথ রিমোট ব্যবহার করে তুলেছিলেন।
প্রভা বলেন, ছবিটির সঙ্গে নাটক বা এর গল্পের কোনো সম্পর্ক নেই। তাই এটি ব্যবহারের আগে পোস্টার ডিজাইনার, পরিচালক কিংবা প্রযোজনা দলের তাঁর অনুমতি নেওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, কারও ব্যক্তিগত ছবি সম্মতি ছাড়া ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটিকে তিনি পেশাদার আচরণ বলে মনে করেন না।
প্রভার অভিযোগের পর দ্রুত পোস্টারটি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে সরিয়ে ফেলে ‘বঙ্গ’। পরে নাটকের একটি দৃশ্য ব্যবহার করে নতুন পোস্টার প্রকাশ করা হয়।
ফয়েজ আহমেদ রেজা পরিচালিত লুক আ লাইক নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাদিয়া জাহান প্রভা, চিত্রলেখা গুহ ও সাইদুর রহমান পাভেল। পারিবারিক গল্পের আবহে নির্মিত নাটকটিতে একটি খুনের ঘটনাকে ঘিরে রহস্যের জট তৈরি হয়, যার সমাধান মিলবে গল্পের শেষ দিকে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!