সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘ভিজিয়ে দিয়ো না’ প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে চার গানের অ্যালবাম ‘বাদলা স্মৃতি’। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা কনার নতুন গানটি প্রকাশ করা হয়েছে মিউজিক ভিডিওসহ।
শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে অ্যালবামটির প্রকাশনা হয়। অনুষ্ঠানে ‘ভিজিয়ে দিয়ো না’ গানের পাশাপাশি অ্যালবামের আরও দুটি গানের মিউজিক ভিডিওর ঝলক দেখানো হয়। সংশ্লিষ্টরা জানান, বাকি গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
অ্যালবামের চারটি গানের কথাই লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও নির্মাতা আহসান ইমাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন শান শায়েক। কনার পাশাপাশি অ্যালবামের অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ঝিলিক, শান শায়েক ও পিন্টু ঘোষ।
মিউজিক আর্ট স্টেশন ও আলিফিয়া এটেইলারের প্রযোজনায় নির্মিত ভিডিওগুলোতে মডেল হয়েছেন ইমতু রাতিশ, নওরিন ও জলি। ভিডিওগুলোর শুটিং হয়েছে সাভারের বিভিন্ন স্থানে।
অ্যালবাম প্রসঙ্গে আহসান ইমাম বলেন, বর্ষা, প্রকৃতি, মানুষের আবেগ, মান-অভিমান ও স্মৃতিকে গান এবং চিত্রায়ণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাঁর ভাষায়, বাংলাদেশের বর্ষার সৌন্দর্যই ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের মূল অনুপ্রেরণা।
বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা কনা প্রায় তিন মাস সেখানে অবস্থান করবেন। এ সময় বিভিন্ন শহরে সংগীত পরিবেশন করার কথা রয়েছে তাঁর।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!