বিনোদন

কোদাল হাতে কৃষিকাজে জয়া, মাটির কাছাকাছি জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

আপডেট: আগ ০৩, ২০২৬ : ০৫:৫৫ এএম
কোদাল হাতে কৃষিকাজে জয়া, মাটির কাছাকাছি জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

রুপালি পর্দার গ্ল্যামারের বাইরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী জয়া আহসান। নিজের বাড়ির বাগানে গাছপালার পরিচর্যা ও কৃষিকাজে অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবারও আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাধারণ পোশাকে খালি পায়ে বাগানের মাটি প্রস্তুতের কাজে ব্যস্ত জয়া আহসান। হাতে কোদাল নিয়ে দীর্ঘ সময় ধরে মাটি কোপাতে এবং একজন সহায়তাকারীর সঙ্গে গোবর সার মিশিয়ে জমি প্রস্তুত করতে দেখা যায় তাঁকে। এ সময় নিজের বাগানের বিভিন্ন গাছও দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।

ভিডিওতে জয়া জানান, তাঁর বাগানে জবা, ঘুমন্ত জবাসহ বিভিন্ন ধরনের ফুল ও গাছ রয়েছে। নিজের হাতে এসব গাছের পরিচর্যা করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। অনেকেই তাঁর সরল জীবনযাপন ও প্রকৃতির প্রতি ভালোবাসার প্রশংসা করেছেন। কেউ তাঁকে ‘মাটির মানুষ’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ লিখেছেন, ‘মাটির সঙ্গে বন্ধুত্বই সবচেয়ে সুন্দর।’

কেউ কেউ তাঁর শারীরিক পরিশ্রমকে ফিটনেসের রহস্য বলেও উল্লেখ করেছেন। এক নেটিজেন মন্তব্য করেন, ‘কোদাল দিয়ে কাজ করলে বয়স যেন ধরা পড়ে না।’ আরেকজনের ভাষ্য, ‘সুস্থ ও ফিট থাকার অন্যতম উপায় নিয়মিত শারীরিক পরিশ্রম।’

জয়া আহসান এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, নিয়মিত জিমে যাওয়ার চেয়ে দৈনন্দিন কায়িক শ্রমেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। নতুন কোনো সিনেমার প্রয়োজন হলে নির্দিষ্ট সময় পিলাটিজ বা শরীরচর্চা করলেও বছরের বেশির ভাগ সময় নিজের বাগানের কাজই তাঁর প্রধান ব্যায়াম।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জিমের প্রয়োজনীয়তা অস্বীকার করেন না, তবে নিয়মিত জিম করা হয়ে ওঠে না। নিজের ভাষায়, গাছের পরিচর্যা, মাটি তৈরি করা কিংবা প্রয়োজন হলে কোদাল দিয়ে মাটি কোপানোর মধ্যেই তিনি শরীরচর্চার আনন্দ খুঁজে পান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!