বিনোদন

সমালোচনার মুখে বাঁধন: ‘আমার সংসারের খরচ তো কেউ দেয় না’

আপডেট: আগ ০৩, ২০২৬ : ০৫:৫৮ এএম
সমালোচনার মুখে বাঁধন: ‘আমার সংসারের খরচ তো কেউ দেয় না’

নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’–তে অভিনয়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত কাজের পর বাণিজ্যিক ধারার একটি সিনেমায় তাঁর যুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে সেই সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেই।

রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে সিনেমাটির মহরতের একটি ছবি প্রকাশ করে বাঁধন লেখেন, তাঁর ব্যক্তিগত ও পেশাগত সিদ্ধান্ত নিয়ে অযাচিত পরামর্শ না দেওয়ার আহ্বান।

পোস্টে তিনি লেখেন, ‘একটা বিষয় আমি বিশ্বাস করি, আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং, দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের উপদেশ আমি বিশ্বাস করি, সম্মান করি, সেরকম মানুষ আমার জীবনে আছে।’

নতুন সিনেমায় যুক্ত হওয়ার কারণও ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, ‘গুলশানের চামেলী’–এর গল্প তাঁর ভালো লেগেছে। পাশাপাশি শুরু থেকেই নির্মাতা ও পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছেন, সেটিও তাঁকে কাজটি করতে অনুপ্রাণিত করেছে।

দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বাঁধন লেখেন, বিভিন্ন নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। কিছু কাজ ছিল আনন্দের, কিছু ছিল চ্যালেঞ্জিং। তবে সব অভিজ্ঞতাই তাঁকে সমৃদ্ধ করেছে।

পোস্টের শেষাংশে নিজের জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান তিনি। লেখেন, সময়ের সঙ্গে তিনি আরও এগিয়ে যেতে এবং আরও সুখী হতে চান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!