বিনোদন

শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত ববিতার, তবে রাখলেন শর্ত

আপডেট: আগ ০৪, ২০২৬ : ০৫:৫১ এএম ১২
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত ববিতার, তবে রাখলেন শর্ত

দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকা কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা আবারও বড় পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে সেটি হবে কেবল শক্তিশালী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলে। এমন আশ্বাস দিয়েছেন তিনি, মেগাস্টার শাকিব খান–এর বিশেষ অনুরোধের জবাবে।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খান। আলাপচারিতার একপর্যায়ে ববিতার দীর্ঘদিনের চলচ্চিত্র–বিরতি প্রসঙ্গ তুলে আবার অভিনয়ে ফেরার অনুরোধ জানান তিনি।

শাকিব বলেন, ‘আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার বিনীত অনুরোধ। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’

জবাবে ববিতা জানান, ভালো গল্প ও মানসম্মত চরিত্রের অভাবেই তিনি এতদিন নতুন কোনো সিনেমায় কাজ করেননি। তবে শাকিবের অনুরোধ ফেলেননি তিনি।

ববিতার ভাষায়, ‘আমাকে সেরকম গল্প নিয়ে আসো, যেখানে তোমার আর আমার দুজনেরই করার মতো চ্যালেঞ্জিং চরিত্র থাকবে। তাহলে আমি করব। কথা দিলাম, তোমার সঙ্গে ছবি করব।’

অনুষ্ঠানে শাকিব খানের কাজের প্রতি নিষ্ঠা, পেশাদারিত্ব এবং সাম্প্রতিক চলচ্চিত্র নিয়েও প্রশংসা করেন এই কিংবদন্তি অভিনেত্রী।

ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান এর আগে একাধিক জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তাঁদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন করে দুজনকে আবার একই পর্দায় দেখা যাবে কি না, তা এখন নির্ভর করছে উপযুক্ত গল্প ও চরিত্রের ওপর।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!