স্কুলের গণ্ডি পেরোনোর আগেই অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন ইসরাত অতিথি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। তবে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিতি পান এই অভিনেত্রী।
এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন অতিথি। আজ ফল প্রকাশের পর জানা গেছে, পরীক্ষায় পাস করেছেন তিনি। ফলাফলে সন্তুষ্টিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
অতিথির বোন সাফিনা জানিয়েছেন, এসএসসিতে জিপিএ ৪ পেয়েছেন অতিথি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে তাঁকে। শুটিংয়ের পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ ছিল না। তাই তাঁর এই ফলাফলে পরিবারের সদস্যরাও খুশি।
উত্তরার কেসি মডেল স্কুল থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছেন অতিথি। ফল প্রকাশের পর স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে ছবি তোলেন তিনি। সেই ছবি ফেসবুকে প্রকাশ করার পর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞান থেকে মানবিকে অতিথি
নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন অতিথি। কিন্তু অভিনয়ের ব্যস্ততা বাড়তে থাকায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা তাঁর জন্য চাপের হয়ে ওঠে। পরে বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান থেকে মানবিক বিভাগে চলে আসেন তিনি।
এরপর অল্প সময়ের মধ্যে নতুন বিভাগের পড়াশোনার সঙ্গে মানিয়ে নিয়ে এসএসসির প্রস্তুতি নেন অতিথি। এমনকি পরীক্ষার দুই দিন আগেও তাঁকে শুটিং করতে হয়েছিল।
অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার এই অভিজ্ঞতা সম্পর্কে অতিথির পরিবার জানিয়েছে, ব্যস্ততার মধ্যেও পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ ছিল। শেষ পর্যন্ত ভালো ফল করায় পরিবারের সবাই আনন্দিত।
নতুন নাটকেও অতিথি
ইসরাত অতিথিকে সর্বশেষ দেখা গেছে রাফাত মজুমদার রিংকুর নাটক ‘ভালোবাসার গল্প’-এ। প্রায় এক মাস আগে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।
অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও এগিয়ে যেতে চান অতিথি। এসএসসিতে জিপিএ ৪ পাওয়ার পর এখন তাঁর সামনে উচ্চশিক্ষার নতুন অধ্যায়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!