বিনোদন

আল্লু অর্জুনকে ঘিরে ভক্তদের ঢল, মনে পড়ল একা হেঁটে বেড়ানোর দিন

আপডেট: আগ ১১, ২০২৬ : ০৫:৩৯ এএম
আল্লু অর্জুনকে ঘিরে ভক্তদের ঢল, মনে পড়ল একা হেঁটে বেড়ানোর দিন

ভারতের বিশাখাপত্তনমে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে ঘিরে ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ‘এএএ সিনেমাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শহরটিতে পৌঁছালে বিপুলসংখ্যক ভক্ত তাঁর গাড়ি ঘিরে ধরেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীদেরও বেশ বেগ পেতে হয়।

ভক্তদের উচ্ছ্বাস দেখে গাড়ির সানরুফ দিয়ে বের হয়ে তাঁদের উদ্দেশে হাত নাড়েন আল্লু অর্জুন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অভিনেতার গাড়ি শহরে প্রবেশের পরপরই ভক্তরা সেটি অনুসরণ করতে শুরু করেন। গাড়ির ভেতর থেকেও আল্লু ভক্তদের উদ্দেশে হাত নেড়ে তাঁদের ভালোবাসার জবাব দেন।

‘এএএ সিনেমাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশাখাপত্তনমের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন আল্লু অর্জুন। তিনি জানান, তাঁর প্রথম সিনেমা ‘গঙ্গোত্রী’র সময় থেকেই এই শহরে তাঁর নিয়মিত যাতায়াত।

অভিনেতার ভাষ্য, ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং ও বিভিন্ন অনুষ্ঠানের কাজে তাঁকে প্রায়ই বিশাখাপত্তনমে আসতে হতো। তখন শহরের রাস্তায় একা হেঁটে বেড়ালেও তাঁকে কেউ চিনতেন না। তবে সময়ের সঙ্গে বদলে গেছে পরিস্থিতি।

আল্লু অর্জুন বলেন, “বিশাখাপত্তনম আমার কাছে খুবই বিশেষ একটি শহর। প্রথম সিনেমা ‘গঙ্গোত্রী’র সময় থেকেই এখানে আসা-যাওয়া করছি। তখনকার দিনে এই রাস্তাগুলোতে একা হেঁটে বেড়ালেও কেউ চিনত না। আর আজ এখানকার মানুষের যে ভালোবাসা পাই, তাতে আগের মতো মুক্তভাবে হাঁটা সম্ভব হয় না।”

বিশাখাপত্তনমে এলেই ক্যারিয়ারের শুরুর দিকের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় বলেও জানান তিনি। শহরটির সঙ্গে নিজের আবেগঘন সম্পর্কের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন এই অভিনেতা।

নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে ব্যস্ত

এ সময় নিজের পরবর্তী সিনেমা ‘রাকা’ নিয়েও কথা বলেন আল্লু অর্জুন। সিনেমাটির শুটিং বর্তমানে ভারতের মুম্বাইয়ে চলছে। ‘এএএ সিনেমাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে শুটিং থেকে এক দিনের বিরতি নিয়ে বিশাখাপত্তনমে এসেছেন তিনি।

আল্লু জানান, ‘রাকা’র শুটিং শেষ করেই তিনি বিশাখাপত্তনমে এসেছেন। এক দিনের বিরতি শেষে পরদিনই আবার শুটিংয়ে ফিরবেন।

‘রাকা’ পরিচালনা করছেন অ্যাটলি। সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!