‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) বলতেই এত দিন দর্শকের চোখে ভেসে উঠেছে অমিতাভ বচ্চনের মুখ। এবার কেবিসির সঞ্চালকের আসনে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে। তবে হিন্দি সংস্করণে নয়, মরাঠি ভাষার কেবিসিতে সঞ্চালকের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিন্দি কেবিসির নতুন মৌসুমে অমিতাভ বচ্চনের উপস্থাপনায় প্রচার-ঝলক ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এর মধ্যেই মাধুরীর কেবিসির সঞ্চালক হওয়ার খবর সামনে এসেছে।
এর আগে মরাঠি সংস্করণের কেবিসিতে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো তারকারা। এবারই প্রথম কোনো নারী সঞ্চালককে নিয়ে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। ফলে মাধুরীর হাত ধরে মরাঠি কেবিসিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন দায়িত্বের কথা জানিয়েছেন মাধুরী দীক্ষিত। নতুন এই অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, জীবনের নতুন একটি অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনে তৈরি এই অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যমে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় আছেন তিনি।
চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন মাধুরী। তবে পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম তাঁকে দেখা যাবে। ফলে নতুন ভূমিকায় প্রিয় তারকাকে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।
তবে মরাঠি কেবিসিতে মাধুরীই প্রথম নারী সঞ্চালক হলেও কেবিসির আঞ্চলিক সংস্করণে তিনি প্রথম নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!