বিনোদন

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না: প্রভা

আপডেট: আগ ১৩, ২০২৬ : ০৬:১১ এএম
অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না: প্রভা

মানুষের কাল্পনিক ধারণা, অহেতুক বিচারপ্রবণতা ও কাছের মানুষের বিশ্বাসঘাতকতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা কথা বলেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অন্যের ভুল ধারণা কিংবা কটূক্তিতে কষ্ট পেলেও নিজের মূল্য ধরে রেখে শক্ত থাকার বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রভা লেখেন, ‘মানুষ যখন ধারণার বশবর্তী হয়ে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বা আপনাকে “খারাপ মানুষ” হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয়।’

তিনি আরও লেখেন, ‘তারা যা বিশ্বাস করে, তার ৯০ শতাংশই কেবল তাদের নিজেদের কল্পনা, বিচার-বুদ্ধি কিংবা নিজেদের বড় করে দেখানোর একটা প্রবৃত্তি মাত্র।’

কাছের মানুষের আচরণে পাওয়া কষ্টের কথাও তুলে ধরেছেন প্রভা। তাঁর ভাষায়, আরও বেশি কষ্ট হয় তখন, যখন কেউ নিজের ভুল-ত্রুটিগুলো সুবিধামতো ভুলে গিয়ে অন্যকে নিয়ে কুৎসা রটানোকে নিজের অধিকার মনে করে।

প্রভা বলেন, কখনো কখনো এমন আচরণ করা মানুষগুলোই হন যাঁদের একসময় ভালোবাসা ও বিশ্বাস করা হয়েছিল। তাঁরা বন্ধু, পরিবারের সদস্য, সহকর্মী কিংবা সাবেক সঙ্গীও হতে পারেন।

এ ধরনের আচরণ একজন মানুষকে মানসিকভাবে ভেঙে দিতে পারে উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আপনি হয়তো কিছুদিন নিস্তব্ধ, ভেঙে পড়া কিংবা নিজেকে মূল্যহীনও মনে করতে পারেন।’

তবে এসব পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রভা। তিনি বলেন, ‘মনে রাখবেন, আপনাকে নিয়ে অন্য কারও চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি কখনোই আপনার চরিত্রকে নির্ধারণ করে না।’

নিজের ওপর অন্যের ভুল ধারণার দায় না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘তাদের ভণ্ডামি, ভুল ধারণা কিংবা নিজেদের ভুল স্বীকার করতে না পারার দায়ভার বহন করা আপনার কাজ নয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভার এই বক্তব্য নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেওয়া এই বার্তায় নিজের মূল্য ও আত্মসম্মান ধরে রাখার ওপরই গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!