দুই বছর পর বড় পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎ। আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা তাঁর নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। এরই মধ্যে এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, সিনেমার সংখ্যা এবং দেবের সঙ্গে কথিত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলেছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে দেব যখন একের পর এক সিনেমায় অভিনয় করেছেন, তখন জিৎকে তুলনামূলক কম সিনেমায় দেখা গেছে। এর কারণ জানতে চাইলে জিৎ জানান, হিন্দি সিরিজ ‘খাকি’-এর কারণে ছয়-সাত মাস অন্য কোনো কাজে সময় দিতে পারেননি তিনি।
জিৎ বলেন, এরপর তাঁর কাছে এমন কোনো ভালো গল্পও আসেনি, যা নিয়ে আগ্রহ নিয়ে কাজ করা যায়। তাঁর ভাষায়, ‘ভাগ্যিস “বিপ্লবী ডাকাত” এসেছে।’
‘এটা আমার কাছে নতুন কিছু নয়’
দেবের সঙ্গে তাঁর প্রতিযোগিতা প্রসঙ্গে জিৎ বলেন, ভারতীয় চলচ্চিত্রে তারকাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নতুন নয়। একসময় তাঁকে প্রসেনজিতের সঙ্গে তুলনা করা হতো, এখন দেবের সঙ্গে করা হচ্ছে।
জিৎ বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে বছরে একশর মতো ছবি হয়। সেখানে দু-তিনটি ছবি জিতেরও থাকে। আগে প্রসেনজিৎ বনাম জিৎ হতো, এখন দেব বনাম জিৎ।’
গণমাধ্যমের তৈরি বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘মিডিয়ার জন্য কখনো ইস্ট বেঙ্গল আর মোহনবাগান হতে পারে, কখনো আর্জেন্টিনা বনাম ব্রাজিল; আবার কখনো সালমান খান বনাম শাহরুখ খান হয়।’
এরপর নিজের ক্যারিয়ারের শুরুর সময়ের কথা উল্লেখ করে জিৎ বলেন, ‘আমি যখন শুরু করেছিলাম, তখন দেবের অস্তিত্বই ছিল না। তখন প্রসেনজিৎ বনাম জিৎ বলা হতো। এটা আমার কাছে নতুন কিছু নয়।’
সিনেমার সংখ্যা কম-বেশি হওয়া নিয়ে কাউকে দোষারোপ করার পক্ষপাতী নন জানিয়ে জিৎ বলেন, ‘ছবির সংখ্যা কম-বেশি নিয়ে কারোর দিকে আঙুল তোলার মানে নেই। আমার কপালে হয়তো এমনটাই লেখা ছিল।’
অনন্ত সিংয়ের চরিত্রে জিৎ
ভারতের কালজয়ী বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমাটিতে অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জিৎ। গল্পের প্রয়োজনে তাঁকে সিনেমায় একাধিক রূপে দেখা যাবে।
পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটিতে জিতের সঙ্গে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন, প্রিয়াঙ্কা সরকারসহ আরও অনেকে।
একসঙ্গে অভিনয় করেছিলেন দেব-জিৎ
দীর্ঘ ক্যারিয়ারে জিৎ ও দেবকে একসঙ্গে মাত্র একটি সিনেমায় দেখা গেছে। রাজ চক্রবর্তী পরিচালিত ‘দুই পৃথিবী’ সিনেমায় ২০১০ সালে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। সিনেমাটি সে সময় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
এরপর বিভিন্ন সময়ে দুই তারকাকে নিয়ে একসঙ্গে কাজ করার গুঞ্জন শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি। বরং বিভিন্ন সময়ে তাঁদের মধ্যকার দূরত্বের বিষয়টিই আলোচনায় এসেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!