বিনোদন

‘কাদা ছোড়াছুড়ি করতে চাই না, সত্য সামনে আসবেই’: সাদিয়া আয়মান

আপডেট: আগ ১৬, ২০২৬ : ০৫:৩১ এএম
‘কাদা ছোড়াছুড়ি করতে চাই না, সত্য সামনে আসবেই’: সাদিয়া আয়মান

শোবিজ অঙ্গনে তারকাদের প্রেম, বিয়ে কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

তবে পাল্টাপাল্টি মন্তব্য করে বিতর্ক বাড়াতে চান না তিনি। বরং নিজের কাজ, পরিবার ও মানসিক শান্তিকে গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী। গুঞ্জন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মান বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই, গুঞ্জন নিয়ে বলার কিছু নেই। কিছু কথা না বললেও হয়। যখন একজন মানুষ তার কথা বলে ফেলে, আমি যদি আমার দিকের গল্প বলি, তখন গল্পটা আসলে অন্য রকম হবে। আমি চাই না কাদা ছোড়াছুড়ি হোক। আমি চাই না একজন একটি সাক্ষাৎকারে এক কথা বলবে, আবার আমি আরেক কথা বলব। এ রকম নোংরামি করতে চাই না। আমার মনে হয়, সত্য কখনো চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই।’

‘প্রেমের খুব ইচ্ছা নেই’

ব্যক্তিগত জীবন নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন সাদিয়া। তিনি বলেন, আপাতত প্রেমের চেয়ে নিজের ভবিষ্যৎ ও ক্যারিয়ার গুছিয়ে নেওয়াতেই বেশি মনোযোগী তিনি।

সাদিয়া আয়মান বলেন, ‘আমি আগেও বলেছি, আমার প্রেমের খুব ইচ্ছা নেই। আমি সব সময় আমার সেটেলমেন্ট করাতেই বিশ্বাসী। আমার কাছে যখন মনে হবে ঠিকঠাক সময়, সুযোগ—আল্লাহ তো সব লিখে রেখেছেন কপালে। আমরা অনেক কিছু চাইলেও সেটা হয় না। আল্লাহ সবকিছু আসলে পরিকল্পনা করে রেখেছেন। আমাদের কোনো পরিকল্পনা থাকলেও পরক্ষণেই সেটা পরিবর্তন হয়ে যেতে পারে। আমার মনে হয়, সঠিক সময় হলে যা হওয়ার, সব হবে।’

কাজ ও মানসিক শান্তিকে গুরুত্ব

ক্যারিয়ারের শুরুর দিকে রয়েছেন উল্লেখ করে সাদিয়া আয়মান বলেন, অহেতুক বিতর্কে জড়িয়ে নিজের সময় ও শক্তি নষ্ট করতে চান না তিনি। বরং অভিনয়, পরিবার ও নিজের মানসিক সুস্থতার দিকে মনোযোগ দিতে চান।

অভিনেত্রীর ভাষায়, ‘আমার মনে হয় এখন সময় না। আমি এখন অনেক ছোট, কাজ করে যাই। যখন অনেক বড় হব, সিনিয়র হয়ে যাব, তখন আমার গল্পগুলো বললে সেগুলো আরও ভ্যালু অ্যাড করবে। আসলে এত এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না।’

তিনি আরও বলেন, ‘শুটিংয়ের কাজ, ফ্যামিলি, আমার বিড়ালের যত্ন নেওয়া—আমাকে নিজেকে নিয়েই চিন্তা করতে হয়। আমার মেন্টাল হেলথ আমি খুবই প্রটেক্ট করি। যেগুলো আমার মেন্টাল হেলথে প্রভাব ফেলতে পারে, সেগুলোকে আমি পাত্তাই দিই না।’

পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান তাঁর সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন। সম্প্রতি বেশ কিছু নাটক, চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। তবে বর্তমানে অভিনয়ে তাঁর ব্যস্ততা কিছুটা কম বলে জানা গেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!