ভারতের চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সাধারণত রাজনৈতিক কোনো বিষয়ে না জড়িয়ে অভিনয় ও কাজ নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে।
তবে এবার ব্যতিক্রমী এক ঘটনায় কলকাতার রাজপথে দেখা গেল এই অভিনেত্রীকে। একটি র্যালিতে অংশ নিয়ে স্লোগানেও কণ্ঠ মেলান তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় একটি র্যালিতে অংশ নেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, সাধারণ মানুষ ও বাংলা চলচ্চিত্রের একাধিক তারকা অংশ নেন।
জয়া আহসান ছাড়াও র্যালিতে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। এ সময় তাঁদের ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতেও দেখা যায়।
র্যালির বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জয়া আহসানকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন তোলেন, অন্য দেশের নাগরিক হিসেবে জয়া কেন কলকাতার এমন একটি কর্মসূচিতে অংশ নিলেন।
তবে পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার রাতের রাস্তায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। রাজনীতিক, তারকা ও সাধারণ মানুষের পাশাপাশি জয়া আহসানও এতে অংশ নেন।
জয়ার এই অংশগ্রহণের প্রশংসাও করছেন অনেকে। নারীদের নিরাপত্তার দাবিতে রাজপথে নেমে কথা বলার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন তাঁরা। অন্যদিকে, তাঁর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
তবে প্রশংসা বা সমালোচনা—কোনো বিষয়েই এখন পর্যন্ত প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি জয়া আহসান।
বর্তমানে কলকাতায় রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। মুক্তির পর সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!