বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিকর খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। তাঁর বিয়ে নিয়ে ভিত্তিহীন ও অসত্য তথ্য প্রকাশ করা হলে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন পূজা চেরি।
পূজা চেরি লেখেন, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারও সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি করা হচ্ছে। বিষয়টিকে তিনি ‘বিব্রতকর ও দুঃখজনক’ বলে উল্লেখ করেন।
‘আমার বিয়ে পারিবারিকভাবেই ঠিক হয়েছে’
নিজের বাগদান ও বিয়ের প্রস্তুতি নিয়ে পূজা বলেন, তিনি আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবেই তাঁর বিয়ে ঠিক করা হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই আনন্দের সঙ্গে বিষয়টি সবাইকে জানাবেন বলেও জানান।
পূজা বলেন, ‘লুকানোর কিছু নেই।’
বর্তমানে ক্যামেরার সামনে অনুপস্থিত থাকার কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই আপাতত ক্যামেরার সামনে তাঁকে দেখা যাচ্ছে না।
‘আমার এখনো বিয়ে হয়নি’
সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর নিয়ে প্রশ্ন তুলে পূজা চেরি বলেন, কোনো তথ্য যাচাই না করে বারবার তাঁকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের কারণ তাঁর বোধগম্য নয়।
তিনি স্পষ্ট করে বলেন, ‘বারবার বলতে চাই—আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
ব্যক্তিগত গোপনীয়তা ও সুনামের অধিকার প্রসঙ্গে পূজা চেরি বলেন, অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে।
এ ছাড়া সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে তিনি ডিজিটাল মাধ্যমে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেন।
সবশেষে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানান পূজা। তিনি বলেন, গণমাধ্যমের সহযোগিতাকে তিনি সবসময় সম্মান করে এসেছেন। তবে তাঁর নীরবতাকে যদি কেউ ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে নেয়, তাহলে নিজের আইনি অধিকার রক্ষায় তিনি বাধ্য হবেন।
বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন এবং অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!