সরকারি চিকিৎসাকেন্দ্রে মানসম্মত মাতৃ ও নবজাতক সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। একই সঙ্গে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় সময়মতো স্বাস্থ্যসেবা ও কার্যকর রোগী স্থানান্তর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে রংপুর নগরের সেন্ট্রাল রোডের একটি কনভেনশন হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাবিলা। রংপুর অঞ্চলের সুবিধাবঞ্চিত মা ও শিশুদের স্বাস্থ্য অধিকার নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ের আগে নাবিলা রংপুর বিভাগের ‘জননী’ প্রকল্পের আওতায় চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে গিয়ে মা ও নবজাতকদের সেবার মান পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনের সময় গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবা নিতে আসা নারী ও তাঁদের স্বজন, বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা কিশোরী, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন নাবিলা।
প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবায় জোর
প্রেস ব্রিফিংয়ে নাবিলা বলেন, সরকারি চিকিৎসাকেন্দ্রে সাধারণ মানুষ যাতে উন্নত সেবা পান, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রত্যন্ত চরাঞ্চল ও দুর্গম এলাকায় সময়মতো স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং কার্যকর রেফারেল ব্যবস্থা চালু রাখার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ, সঠিক জায়গায় পদায়ন এবং কাজের জন্য ভালো পরিবেশ নিশ্চিত করা গেলে চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা অনেকটাই বাড়বে।
‘বাড়তি বিনিয়োগ প্রয়োজন’
স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে নাবিলা বলেন, একটু বাড়তি মনোযোগ ও বিনিয়োগ করা গেলে রংপুর অঞ্চলের প্রতিটি মা ও নবজাতক নিরাপদে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, সরকারের পাশাপাশি ‘জননী’ প্রকল্পের মতো উদ্যোগগুলোও এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
৪০ ইউনিয়নে চলছে ‘জননী’ প্রকল্প
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদারকিতে কোরীয় সংস্থা কোইকার অর্থায়ন এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় ‘জননী’ প্রকল্প পরিচালিত হচ্ছে। আরডিআরএস বাংলাদেশ পরিচালিত প্রকল্পটি রংপুর ও লালমনিরহাট জেলার ৪০টি ইউনিয়নে কাজ করছে।
প্রকল্পটির আওতায় নিরাপদ প্রসব, দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি এবং মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে সেভ দ্য চিলড্রেনের শীর্ষ কর্মকর্তা ডা. গোলাম ফখরুদ্দীন ফাহিম, ডা. উজ্জ্বল কুমার রায়, মোহম্মদ ফরাজদুক ভূঞা, আশফাক জামানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!