বিতর্ক ও কটাক্ষ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। বিশেষ করে ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সম্প্রতি ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) সুশান্তের মৃত্যু মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে রিয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।
তবে সেই সময়ের মানসিক চাপ ও সামাজিক কটাক্ষের ক্ষত যে এখনো পুরোপুরি শুকায়নি, তারই ইঙ্গিত মিলেছে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর মঞ্চে।
শোটির পঞ্চম পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি রিয়াকে প্রশ্ন করেন, কেন তিনি তাকে বিশ্বাসঘাতক মনে করেন না। জবাবে নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিয়া।
রিয়া বলেন, ‘আমি এই খেলায় বিশ্বাসঘাতক বা খুনি সাজতে চাই না। কারণ, বাস্তব পৃথিবী এমনিতেই আমাকে ওই চোখে দেখে। এটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি।’
তিনি আরও বলেন, ‘এখানে এসে স্বেচ্ছায় কাউকে খুন করার নাটক করতে চাই না। এতে পরিস্থিতি আরও খারাপ হবে এবং মানুষ আমাকে নিয়ে আবারও নোংরা মিম বানাবে।’
নিজের ওপর হওয়া সামাজিক ট্রলিংয়ের প্রসঙ্গও তুলে ধরেন রিয়া। তিনি বলেন, ‘দেশের মধ্যে সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষ সম্ভবত আমিই। আপনারা সবাই জানেন এর পেছনে কী কারণ রয়েছে।’
তবে এসব অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করেছে বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আমি ভেড়ার পালে হাঁটার পাত্রী নই। সহজে কাউকে বিশ্বাস করি না, আবার কাউকে আমার ওপর প্রভাব বিস্তার করতেও দিই না।’
এদিকে, ওই পর্বের ভোটাভুটিতে টিকে গেছেন রিয়া চক্রবর্তী। তবে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন পারুল গুলাটি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীর্ঘ সময় নানা বিতর্কের কেন্দ্রে থাকা রিয়া এখন আবার অভিনয়ে ফিরেছেন। তবে পুরোনো অপবাদ, সামাজিক ট্রলিং ও সেই সময়ের মানসিক চাপের অভিজ্ঞতা যে এখনো তার মনে গভীর ছাপ রেখে গেছে, ‘দ্য ট্রেইটরস’-এর মঞ্চে দেওয়া বক্তব্যে সেটিই যেন নতুন করে সামনে এলো।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!