ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনয় দিয়ে দর্শকদের কাছে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সমসাময়িক নানা বিষয়ে নিজের মতামতও নিয়মিত প্রকাশ করেন তিনি।
এবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন উদ্যোগ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ নিয়ে কথা বলেছেন সাদিয়া আয়মান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়; সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’
সাদিয়া আরও লিখেছেন, ‘আমাদের উচিত এই কিউট, “পুকি” গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সব নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।’
ইতিবাচক মানসিকতা নিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি ভক্ত ও অনুরাগীদেরও এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বিআরটিসি চালু করেছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। ১৩টি রুটে চালু হওয়া এই সেবাই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছে ‘পিংক বাস’ বা ‘গোলাপি বাস’ নামে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!