বিনোদন

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

আপডেট: আগ ২৩, ২০২৬ : ০৬:০৩ এএম ১১
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

অনলাইনে ছড়িয়ে পড়া আপত্তিকর ও অশালীন কনটেন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ইউআরএল (লিংক) অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাহ্নবীর মামলায় প্রায় সাত হাজার লিংকের উল্লেখ ছিল। এর মধ্যে প্রাথমিক অনুসন্ধানে আপত্তিকর ও অশালীন কনটেন্ট পাওয়া ৫৫২টি ইউআরএল দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত।

জাহ্নবী নিজের ব্যক্তিত্বের অধিকার, পরিচয় ও ছবি ব্যবহারের অপব্যবহার ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট এবং তাঁর পরিচয় ব্যবহার করে বাণিজ্যিক শোষণের অভিযোগও উঠে আসে।

ফ্যান পেজ নিয়ে আদালতের পর্যবেক্ষণ

জাহ্নবীর নামে পরিচালিত সব ফ্যান পেজকে বেআইনি বলা যাবে না বলে পর্যবেক্ষণ করেছেন দিল্লি হাইকোর্ট। আদালত বলেন, এসব পেজে তারকার ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। শুধু তারকার নাম বা ছবি ব্যবহারের কারণে কোনো ফ্যান পেজ বন্ধ করে দেওয়া যুক্তিসংগত নয়।

তবে কোনো ফ্যান পেজ বা অনলাইন প্ল্যাটফর্মে অশালীন কনটেন্ট ছড়ানো হলে কিংবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে স্পষ্ট করেছেন আদালত।

সর্বশেষ ‘পেড্ডি’তে জাহ্নবী

জাহ্নবী কাপুরকে সর্বশেষ দেখা গেছে তেলেগু ভাষার অ্যাকশন-ড্রামা ‘পেড্ডি’ সিনেমায়। বুচি বাবু সানা পরিচালিত ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রাম চরণ ও শিবরাজকুমার।

২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তির পর জুলাইয়ে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!