সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে আলোচনায় এসেছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে খালেদা জিয়ার চরিত্রে হাজির হয়েছেন তিনি। তাঁর সাজ ও উপস্থাপনা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন অনেকে।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন অভিনেত্রী। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর জীবন ও রাজনৈতিক পথচলা তুলে ধরেন তিনি।
ভিডিওটির একটি অংশের শুটিং হয়েছে ঢাকার জিয়া উদ্যানে, আর কিছু অংশ স্টুডিওতে। সেখানে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তাঁর সাজসজ্জা ও উপস্থিতি খালেদা জিয়ার পরিচিত লুকের কথা মনে করিয়ে দিয়েছে দর্শকদের।
‘মুহূর্তের জন্য মনে হচ্ছিল সত্যিই খালেদা জিয়া’
ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকেই চমকের সাজ, অভিব্যক্তি ও উপস্থাপনার প্রশংসা করেছেন।
একজন নেটিজেন মন্তব্য করেন, ‘চমক আসলেই একজন প্রতিভাবান শিল্পী, পুরো খালেদা জিয়ার মতোই লাগছে।’
আরেকজন লিখেছেন, ‘এই প্রথম কেউ তাঁকে এত সুন্দরভাবে উপস্থাপন করল।’ কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ভিডিওটি দেখার সময় মুহূর্তের জন্য মনে হয়েছে যেন সত্যিই খালেদা জিয়া পর্দায় উপস্থিত হয়েছেন।
ভিডিওটির ক্যাপশনে চমক লিখেছেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প; যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী।
রাজনীতিতেও আলোচনায় এসেছিলেন চমক
অভিনয়ের পাশাপাশি চলতি বছর রাজনীতির কারণেও আলোচনায় এসেছিলেন রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। সে সময় দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী।
যেভাবে শোবিজে চমকের পথচলা
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে পা রাখেন রুকাইয়া জাহান চমক। কয়েক বছর বিরতির পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি।
এরপর ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন চমক। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংয়েও নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!