বিনোদন

মন ভেঙেছে, প্রেমেও পড়েছি, বিয়েও করেছি: বিজয়

আপডেট: সেপ্টে ০১, ২০২৬ : ০৬:১১ এএম ১৬
মন ভেঙেছে, প্রেমেও পড়েছি, বিয়েও করেছি: বিজয়

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডার জীবনে প্রেম, বিচ্ছেদ ও বিয়ে—সবই এসেছে। জীবনের নানা বাঁক পেরিয়ে এবার নিজের ব্যক্তিজীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই তারকা।

সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গার প্রযোজনায় নির্মিত ‘রোমাঞ্চকম’ সিনেমার প্রচারণামূলক একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়। সেখানে সঞ্চালক ও ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে চলতি বছরের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত সম্পর্কে জানতে চাওয়া হলে অনেকেই ধারণা করেছিলেন, সদ্য বিবাহিত স্ত্রী রাশমিকা মান্দানাকে নিয়েই কথা বলবেন বিজয়। তবে ভক্তদের চমকে দিয়ে নিজের জীবনের দীর্ঘ পথচলার গল্পই শোনান তিনি।

তেলুগু ভাষায় বিজয় বলেন, ‘১৯৮৯ সালে আমার জন্ম। এরপর থেকে প্রতিটি বছরই ছিল রোমাঞ্চে ভরা। পকেটে টাকা থাকুক বা না থাকুক, ব্লেন্ডার্স প্রাইড থেকে শুরু করে গ্লেনফিডিস—সব ধরনের হুইস্কিই আমি খেয়েছি।’

তবে এখন অ্যালকোহল পুরোপুরি ছেড়ে দিয়েছেন বলেও জানান বিজয়। তিনি বলেন, ‘এখন অ্যালকোহল একেবারেই ছেড়ে দিয়েছি। জীবনে মন ভেঙেছে, প্রেমেও পড়েছি, আবার বিয়েও করেছি। যাই ঘটুক না কেন, পথচলাটা দুর্দান্ত ছিল।’

ব্যক্তিজীবনের পাশাপাশি স্ত্রীর শারীরিক অবস্থার কথাও জানান বিজয়। তিনি বলেন, ‘তোমাদের ভাবি একদম ভালো আছেন। কয়েক দিন আগে শুটিং সেটে সামান্য চোট পেয়েছিলেন। এখন ঘরে বিশ্রাম নিচ্ছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’

বিজয়ের এমন খোলামেলা বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে। বিশেষ করে তাঁর প্রেম, বিয়ে ও জীবনযাত্রা নিয়ে করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!