বিনোদন

‘আজও পুরোপুরি ট্রমা মুক্ত হতে পারিনি’: সাইফ আলী খান

আপডেট: সেপ্টে ১৪, ২০২৬ : ০৫:৩৬ এএম
‘আজও পুরোপুরি ট্রমা মুক্ত হতে পারিনি’: সাইফ আলী খান

২০২৫ সালের ভয়াবহ হামলার ঘটনা পেরিয়ে অনেকটা সময় হলেও সেই রাতের স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় বলিউড অভিনেতা সাইফ আলী খানকে। তিনি জানিয়েছেন, ঘটনার পর মানসিকভাবে অনেকটা সামলে উঠলেও এখনো পুরোপুরি ট্রমামুক্ত হতে পারেননি।

সেই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করে সাইফ বলেন, ‘ঘটনার পর আমরা নিজেদের মানসিকভাবে অনেক সামলে নিয়েছি। তবে সবচেয়ে বড় ধাক্কাটা গিয়েছিল কারিনার ওপর দিয়ে, কারণ ও মানুষ হিসেবে ভীষণ সংবেদনশীল। ওই পরিস্থিতিটা যে কারোর জন্যই স্বাভাবিক থাকা কঠিন ছিল।’

সাইফ বলেন, ‘সত্যি বলতে, আজও আমি পুরোপুরি ট্রমা মুক্ত হতে পারিনি। কোনো ধারালো বা চোখা ছুরি দেখলে এখনো চমকে উঠি।’

হামলার সময় ব্যবহৃত অস্ত্র নিয়েও কথা বলেন এই অভিনেতা। তাঁর ভাষায়, ‘আজ ভাবলে অবাক লাগে, হামলাকারীর হাতের অস্ত্রটাই ভাঙা ছিল! ছুরি হামলার ইতিহাসে বোধহয় এটাই ছিল সবচেয়ে নিম্নমানের অস্ত্র। যদি ওটা আসল কোনো “র‍্যাম্বো নাইফ” হতো, তবে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না।’

হামলায় শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালে থাকতে হয়েছিল জানিয়ে সাইফ বলেন, জীবন বেঁচে যাওয়াকে তিনি ‘অবিশ্বাস্য সৌভাগ্য’ মনে করেন। এমনকি এখন হামলাকারীকে মন থেকে ক্ষমা করে দেওয়ার কথাও ভাবেন তিনি।

সাইফ বলেন, ‘এই অবিশ্বাস্য সৌভাগ্যের জন্য নিজেকে ধন্য মনে হয়। আর তাই, এখন মনে হয় হামলাকারীকে আমি মন থেকে ক্ষমা করে দিতেও প্রস্তুত।’

হামলার মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, ‘যখন শরীর থেকে রক্ত ঝরছিল, তখন মনের ভেতরে অদ্ভুত একটা নীরবতা চলে এসেছিল। মনে হয়েছিল, আমি তো চমৎকার একটা জীবন পেয়েছি। প্রিয় কোনো মানুষের হাত ধরে শান্তিতে বিদায় নিতেও মানসিকভাবে প্রস্তুত ছিলাম।’

মৃত্যুকে মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি থাকলেও পঙ্গু হয়ে বেঁচে থাকাকে তিনি ভয় পেয়েছিলেন বলে জানান সাইফ। তিনি বলেন, ‘একজন যোদ্ধার মতো চলে যেতেও আপত্তি ছিল না। মৃত্যুকে মেনে নিতে পারতাম, কিন্তু কোনোভাবে পঙ্গু হয়ে বেঁচে থাকাটা আমার সহ্য হতো না। ভাগ্য ভালো, সৃষ্টিকর্তা আমাকে সেই পরিণতি থেকে রক্ষা করেছেন।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!