মেয়েকে নিয়ে পবিত্র কাবা শরিফে ওমরাহ পালনের ইচ্ছা ছিল জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের। কিন্তু সেই ইচ্ছা পূরণের আগেই মারা যান তাঁর মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।
মেয়ের সেই অপূর্ণ স্বপ্ন ও স্মৃতি সঙ্গে নিয়েই এবার মক্কায় ওমরাহ পালন করতে গেছেন কায়সার হামিদ। কারিনা পাশে নেই, তবে তাঁর পাসপোর্টটি রয়েছে বাবার কাছে। মক্কা থেকে মেয়ের পাসপোর্ট হাতে একটি আবেগঘন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কায়সার হামিদ।
কারিনাকে নিয়ে ওমরাহ পালনের পরিকল্পনা গত বছর থেকেই করছিলেন কায়সার হামিদ। তবে স্বপ্নপূরণের আগেই লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান কারিনা। চেন্নাইয়ের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েক মাস আগে তাঁর মৃত্যু হয়।
মেয়ের সেই অপূর্ণ ইচ্ছা হৃদয়ে ধারণ করেই এবার পবিত্র কাবা শরিফে গেছেন কায়সার হামিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘কারিনা কায়সারকে নিয়ে আল্লাহর ঘরে আসার প্ল্যান গত বছর থেকেই করা হয়েছিল... কিন্তু সে হঠাৎ করে সবার আগেই আল্লাহর কাছে চলে গেছে।’
মেয়ের উপস্থিতি না থাকলেও আত্মিকভাবে কারিনা তাঁর সঙ্গেই ছিলেন বলে বিশ্বাস করেন কায়সার হামিদ। তিনি লিখেছেন, ‘স্বপ্নে দেখেছিলাম কারিনা আমার সঙ্গে পবিত্র কাবা শরিফ প্রদক্ষিণ করছে। তাই আমার বিশ্বাস কারিনা আমাদের সঙ্গেই ওমরা করেছে। তার পাসপোর্টটি সর্বক্ষণ আমাদের সঙ্গেই ছিল।’
প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে অল্প সময়েই তরুণদের মধ্যে পরিচিতি পেয়েছিলেন কারিনা কায়সার। পরে নাটকে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত হন তিনি। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’–এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছিলেন এই তরুণ শিল্পী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!