বিনোদন

অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক ভিডিও, প্রশংসায় চমক

আপডেট: সেপ্টে ১৫, ২০২৬ : ০৫:৫৮ এএম
অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক ভিডিও, প্রশংসায় চমক

অনলাইন জুয়ার ক্ষতিকর দিক ও এর পরিণতি তুলে ধরে সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। তরুণদের অনলাইন বেটিংয়ের ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী।

ভিডিওতে শিহাব নামের এক যুবকের উদাহরণ তুলে ধরেন চমক। তাঁর ভাষ্য অনুযায়ী, সহজে আয় করার আশায় মাত্র ১ হাজার টাকা দিয়ে বেটিং শুরু করেছিলেন ওই যুবক। পরে জমা টাকা তোলা ও হারানো অর্থ ফেরত পাওয়ার আশায় স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে শেষ পর্যন্ত ১০ লাখ টাকা হারান তিনি।

ভিডিওতে জেনারেল ইকোনমিক্স ডিভিশনের (জিইডি) ২০২৬ সালের একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে চমক দাবি করেন, বাংলাদেশে বর্তমানে ৫০ লাখের বেশি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত। কার্যকর পদক্ষেপ না নিলে ২০২৭ সালের মধ্যে এ সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, দেশে অনলাইন জুয়ার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩০ কোটি টাকা।

এ ছাড়া ২০২৬ সালের ডিবির একটি তদন্তের তথ্য উল্লেখ করে চমক বলেন, একটি জুয়াড়ি নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বক্তব্যের প্রসঙ্গ টেনে চমক বলেন, জুয়া শুধু আর্থিক ক্ষতির বিষয় নয়, এটি জনস্বাস্থ্য ও পারিবারিক জীবনের জন্যও বড় সমস্যা। জুয়ার কারণে শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি আত্মহত্যার ঝুঁকি বাড়তে পারে বলেও ভিডিওতে উল্লেখ করেন তিনি।

চমক দেশের তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের সামান্য অর্থের বিনিময়ে বেটিং অ্যাপের প্রচারণা ও লিংক শেয়ার না করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স ২০২৫’-এর ২০ নম্বর ধারা অনুযায়ী অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা বা এর প্রচারণা করা অপরাধ। এর জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে বলে ভিডিওতে উল্লেখ করেন তিনি।

সবশেষে তরুণদের জুয়ার মাধ্যমে সহজে অর্থ উপার্জনের চেষ্টা না করে নিজেদের কাজ ও দক্ষতার ওপর নির্ভর করার আহ্বান জানান চমক।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই চমকের প্রশংসা করেছেন। তাঁদের মতে, অনলাইন জুয়ার ক্ষতিকর দিক নিয়ে তারকার এমন সচেতনতামূলক উদ্যোগ সময়োপযোগী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!