চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘ অভিনয়জীবনে তাঁকে খুব বেশি নতুন কাজে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় তিনি। ভক্তদের সঙ্গে নানা বিষয় ভাগ করে নেন এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবন নিয়েও খুব একটা আলোচনায় আসেননি বর্ষা। ২০১১ সালে চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে ভালোবেসে বিয়ে করেন তিনি। তাঁদের দাম্পত্য জীবনও দীর্ঘদিন ধরে আলোচনায় এসেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক দীর্ঘস্থায়ী করার বিষয়ে নিজের ভাবনা জানিয়েছেন বর্ষা। তাঁর মতে, কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা নয়, সময়, যত্ন, সম্মান ও আন্তরিকতারও প্রয়োজন।
এক পোস্টে বর্ষা লিখেছেন, ‘যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না।’
সম্পর্কের ক্ষেত্রে অর্থের চেয়ে সময়, ব্যবহার ও যত্নকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। বর্ষার ভাষায়, ‘সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় অর্থই সবচেয়ে বড় বিষয় নয়। আমার কাছে সম্পর্কের আসল ইনভেস্টমেন্ট হচ্ছে—আপনার সময়, আপনার ব্যবহার, আপনার যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া।’
পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরির গুরুত্বও তুলে ধরেছেন বর্ষা। তিনি বলেন, কোনো মানুষকে জীবনে দীর্ঘদিন রাখতে চাইলে তাকে নিজের পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করা যেতে পারে। এতে একজন মানুষের সঙ্গে শুধু ব্যক্তিগত নয়, পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও সামাজিকতা, সম্মান, মায়া ও দায়বদ্ধতার সম্পর্ক তৈরি হয়।
বর্ষা আরও লিখেছেন, পছন্দের মানুষকে বাবা-মা কিংবা পরিবারের বড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পারিবারিকভাবে আপন করে নেওয়া উচিত। এতে সম্পর্ক শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না; পরিবারের সঙ্গেও একটি বন্ধন তৈরি হয়।
সবশেষে বর্ষা বলেন, কোনো সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়। এর সঙ্গে সময়, যত্ন, সম্মান, ভালো ব্যবহার, আন্তরিকতা এবং পারিবারিক বন্ধনেরও প্রয়োজন রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!