বিনোদন

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’: দেব

আপডেট: সেপ্টে ১৮, ২০২৬ : ০৫:১২ এএম
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’: দেব

টালিউডের অভিনেতা দেবের সঙ্গে মহানায়ক উত্তম কুমারের তুলনা করেছেন ‘দাদাগিরি’র মঞ্চের সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়। বর্তমান প্রজন্মের বাঙালি দর্শকের একাংশ দেবের মধ্যে উত্তম কুমারের ছায়া দেখতে পান বলে মন্তব্য করেন তিনি।

তবে এমন তুলনায় সায় দেননি দেব। বরং কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, মহানায়ক একজনই। ‘দাদাগিরি’র একটি বিশেষ পর্বে দেবের প্রশংসা করতে গিয়ে সুদীপা বলেন, বর্তমান বাঙালি দর্শক তাঁর মধ্যে মহানায়ক উত্তম কুমারের ছায়া দেখতে পান। এরপর নিজের একটি পুরোনো স্মৃতির কথা জানান দেব। তিনি বলেন, কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবী একবার তাঁকে দেখে তাঁর হাসি ও উপস্থিতির সঙ্গে উত্তম কুমারের মিল খুঁজে পেয়েছিলেন।

সুপ্রিয়া দেবীর মতো একজন কিংবদন্তির কাছ থেকে এমন প্রশংসা পেয়ে ভালো লেগেছিল বলে জানান দেব। তবে উত্তম কুমারের সঙ্গে নিজের তুলনা নিয়ে তিনি স্পষ্ট অবস্থান জানান।

দেব বলেন, ‘মহানায়ক একজনই হয়। তারপরে আর দ্বিতীয় কারও সঙ্গে সেই তুলনা টানা একেবারেই সম্ভব নয়।’ দেবের এই মন্তব্যের পর স্টুডিওতে উপস্থিত শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীরা হাততালি দেন। অভিনেতা কাঞ্চন মল্লিকও দেবের মন্তব্যের প্রশংসা করেন। রসিকতা করে তিনি বলেন, ‘এই ধরনের চিন্তাভাবনার জন্যই দেব সঞ্চালকের আসনে আর বাকিরা প্রতিযোগী।’

এদিকে সুদীপার মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ দেবের হাসি ও উপস্থিতির সঙ্গে উত্তম কুমারের মিল খুঁজছেন। আবার অনেকের মতে, অভিনয় ও ব্যক্তিত্ব—দুই দিক থেকেই উত্তম কুমার ছিলেন স্বতন্ত্র।

তবে এসব আলোচনা-সমালোচনার বাইরে দেবের বক্তব্যে উঠে এসেছে উত্তম কুমারের প্রতি তাঁর শ্রদ্ধা। মহানায়কের সঙ্গে নিজের তুলনা নাকচ করে তিনি তাঁকে তাঁর নিজস্ব অবস্থানেই রেখেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!