বিনোদন

দ্বিতীয় বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে আবেগঘন শবনম ফারিয়া

আপডেট: সেপ্টে ১৯, ২০২৬ : ০৫:২৯ এএম
দ্বিতীয় বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে আবেগঘন শবনম ফারিয়া

দ্বিতীয় বিয়ের এক বছর পূর্ণ করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তা তানজিম তৈয়বকে বিয়ে করেছিলেন তিনি। প্রথম বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কিছু মুহূর্তের ছবি প্রকাশের পাশাপাশি অতীতের তিক্ত অভিজ্ঞতা ও বর্তমান জীবনের সুখের কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।

বিবাহবার্ষিকীর প্রথম প্রহর ঘরোয়াভাবে উদ্‌যাপন করেন ফারিয়া ও তানজিম। কেক কাটার সেই মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে দীর্ঘ এক আবেগঘন বার্তা দেন অভিনেত্রী।

অতীতের ভুল সিদ্ধান্ত ও সামাজিক চাপের কথা উল্লেখ করে ফারিয়া লিখেছেন, জীবনে তিনি অনেক ভুল করেছেন। কিছু ভুলকে শুধু ভুল বললে হবে না, সেসবের মাধ্যমে তিনি নিজের প্রতিই অন্যায় করেছেন। সামাজিকতা রক্ষার জন্য নিজের চরিত্রের বাইরে গিয়ে অনেক কিছু সহ্য করার কথাও জানান তিনি।

মানসিক কষ্ট থেকে বেরিয়ে আসতে কাউন্সেলিং ও থেরাপির সহায়তা নেওয়ার কথাও জানিয়েছেন ফারিয়া। তাঁর ভাষায়, জীবনের কয়েকটি বছর ভেতরে জমে থাকা আর্তনাদ থেকে পালাতেই কেটে গেছে।

তবে সেই কঠিন সময় পেছনে ফেলে বর্তমান জীবন নিয়ে কৃতজ্ঞ অভিনেত্রী। তানজিমকে জীবনে পাওয়াকে নিজের জন্য সৌভাগ্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, স্বামীর পাশাপাশি তাঁর পরিবারের সান্নিধ্যও তাঁকে আনন্দ দিয়েছে। শ্বশুর-শাশুড়ির সঙ্গে সবকিছু ভাগ করে নেওয়া এবং ননদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটানোর কথাও লিখেছেন তিনি।

আবেগঘন বার্তার শেষে স্বামী তানজিমের উদ্দেশে মজার একটি বার্তাও দিয়েছেন ফারিয়া। তাঁকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন, আগামী বছরের জন্য তানজিমের ‘প্রতিপাদ্য বিষয়’ হবে—রুম থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান ও এসি বন্ধ করা এবং ফ্রিজ থেকে পানি বের করার পর ফ্রিজের দরজা বন্ধ করা।

২০২০ সালে প্রথম স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদ হয় শবনম ফারিয়ার। এরপর দীর্ঘ পাঁচ বছর পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর তানজিম তৈয়বকে বিয়ে করেন তিনি। তানজিম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!