বিনোদন

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’ রনিত রায়ের ভিডিও, কীসে মুগ্ধ নায়িকা?

আপডেট: সেপ্টে ১৯, ২০২৬ : ০৫:৩১ এএম
পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’ রনিত রায়ের ভিডিও, কীসে মুগ্ধ নায়িকা?

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নিজের পছন্দ-ভালো লাগার কথা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন। এবার নিজের ‘প্রথম ক্রাশ’ হিসেবে পরিচিত ভারতের অভিনেতা রনিত রায়ের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

শুক্রবার নিজের ফেসবুক পেজে রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ভিডিওতে ‘কেডি পাঠক’খ্যাত এই অভিনেতাকে মগ্ন হয়ে বাঁশি বাজাতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে রনিত রায় লিখেছেন, ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’

রনিত রায়ের বাঁশির সুরের পাশাপাশি তাঁর আবেগঘন ক্যাপশনও পরীমনির ভালো লেগেছে বলে বোঝা যায়। তাই ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করে ক্যাপশনে রনিত রায়ের নামের পাশে একটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন তিনি।

পরীমনির এই পোস্টের পর আবারও আলোচনায় এসেছে তাঁর ‘প্রথম ক্রাশ’ প্রসঙ্গ। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে জীবনের ‘প্রথম’ নানা বিষয় নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর প্রথম ক্রাশ কে?

জবাবে পরীমনি বলেছিলেন, ‘ক্রাশ! রনিত রায়।’ ভারতের এই অভিনেতা ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ চরিত্রে অভিনয় করে বাংলাদেশেও বেশ পরিচিতি পেয়েছেন।

পর্দায় অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় পরীমনি। নিজের ভালো লাগা, অনুভূতি ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্তের ছবি-ভিডিও নিয়মিতই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!