বিনোদন

যে শর্তে ‘বিগ বস’-এ গিয়েছিলেন নোরা ফাতেহি

আপডেট: সেপ্টে ২১, ২০২৬ : ০৫:৪১ এএম
যে শর্তে ‘বিগ বস’-এ গিয়েছিলেন নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহির ক্যারিয়ারের শুরুর পথটা খুব একটা সহজ ছিল না। অথচ সেই সময়ের একটি সিদ্ধান্তই পরে তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন এনে দেয়। রিয়্যালিটি শোতে অংশ নেওয়া পছন্দ না করলেও শেষ পর্যন্ত ‘বিগ বস ৯’-এ যোগ দিয়েছিলেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে সেই সিদ্ধান্তের পেছনের কারণ জানিয়েছেন নোরা।

নোরা বলেন, ‘বিগ বস’-এর প্রস্তাব যখন তাঁর কাছে আসে, তখন তিনি একাধিক গানের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু কাজ করেও সময়মতো পারিশ্রমিক না পাওয়ায় প্রযোজকদের সঙ্গে তাঁর টানাপোড়েন চলছিল। এমন পরিস্থিতিতেই আসে ‘বিগ বস’-এ অংশ নেওয়ার প্রস্তাব।

শুরুতে অবশ্য প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নোরা। কারণ, রিয়্যালিটি শো তাঁর খুব একটা পছন্দ ছিল না। তবে শো কর্তৃপক্ষের দেওয়া পারিশ্রমিকের অঙ্ক জানার পর নিজের সিদ্ধান্ত বদলান তিনি।

নোরার ভাষ্য, ওই সময় আর্থিক দিকটিও তাঁর সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছিল। পারিশ্রমিকের অঙ্ক শুনে তিনি বুঝতে পারেন, এমন সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।

তবে শুধু অর্থের জন্যই নয়, ভারতীয় দর্শকদের কাছে নিজেকে পরিচিত করে তোলার সুযোগ হিসেবেও ‘বিগ বস’-কে দেখেছিলেন নোরা। তাঁর মনে হয়েছিল, শোটি তাঁকে বড় একটি দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে পারে।

‘বিগ বস ৯’-এ নোরা অবশ্য ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছিলেন। তাই শুরু থেকেই জানতেন, দীর্ঘ সময় শোয়ে থাকার নিশ্চয়তা নেই। সেই স্বল্প সময়কেই নিজের ক্যারিয়ারের জন্য কাজে লাগানোর পরিকল্পনা করেছিলেন তিনি।

শেষ পর্যন্ত নোরার সেই সিদ্ধান্তই তাঁর ক্যারিয়ারে নতুন দরজা খুলে দেয়। ‘বিগ বস’-এর মাধ্যমে ভারতীয় দর্শকদের কাছে পরিচিতি পাওয়ার পর ধীরে ধীরে বলিউডের বিভিন্ন কাজের সুযোগ পেতে শুরু করেন তিনি। পরে তাঁর নাচ ও অভিনয় তাঁকে বলিউডের পরিচিত মুখে পরিণত করে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!