শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস ‘দেবদাস’-এর কালজয়ী চরিত্র চন্দ্রমুখী এবার পর্দায় তুলে ধরবেন কলকাতার অভিনেত্রী কৌশানি মুখার্জি। সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’-এ অতিথি চরিত্রে দেখা যাবে তাঁকে।
চন্দ্রমুখী চরিত্রে কৌশানিকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিনেমাটিতে কৌশানির একটি গানে পারফর্ম করার কথা রয়েছে। গানটি গেয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
কৌশানিকে চন্দ্রমুখী চরিত্রে নেওয়ার বিষয়ে সৃজিত বলেন, চন্দ্রমুখী নামের মধ্যেই সৌন্দর্যের একটি ইঙ্গিত রয়েছে। কৌশানির সঙ্গে আগে ‘কিলবিল সোসাইটি’-তে কাজ করার সুবাদে তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। অতিথি চরিত্রের জন্য এমন একজন শিল্পী দরকার ছিল, যাঁর উপস্থিতিতে বিশেষ আবেদন তৈরি হবে।
শরৎচন্দ্রের জীবন ও সময়ের গল্প
‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ শুধু শরৎচন্দ্রের সাহিত্য নয়, তাঁর জীবনকাল এবং সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতাকেও তুলে ধরবে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন টোটা রায়চৌধুরী। আরও রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর মতো তারকারা।
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সংগীত পরিচালনায়ও আসছেন সৃজিত মুখার্জি। দুর্গাপূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
এর আগে যাঁরা হয়েছেন চন্দ্রমুখী
শরৎচন্দ্রের ‘দেবদাস’ অবলম্বনে বিভিন্ন সময়ে নির্মিত চলচ্চিত্রে চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছেন বহু অভিনেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন চন্দ্রাবতী দেবী, বৈজয়ন্তীমালা, সুপ্রিয়া দেবী, মাধুরী দীক্ষিত ও ওয়ামিকা গাব্বি।
এবার সেই তালিকায় যুক্ত হলো কৌশানি মুখার্জির নাম।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!