বিনোদন

মাতৃত্বের শরীর নিয়ে কটূক্তি, ক্যাটরিনার পাশে পরিনীতি

আপডেট: সেপ্টে ২৩, ২০২৬ : ০৫:৩৪ এএম
মাতৃত্বের শরীর নিয়ে কটূক্তি, ক্যাটরিনার পাশে পরিনীতি

সন্তান জন্মের পর নারীর শরীরে স্বাভাবিকভাবেই নানা পরিবর্তন আসে। তবে তারকা হলে সেই পরিবর্তনও অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সন্তান জন্মের পর সম্প্রতি জনসম্মুখে আসার পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

ক্যাটরিনার শরীরের পরিবর্তন ও প্লাস্টিক সার্জারি নিয়ে নানা নেতিবাচক মন্তব্যের মধ্যে তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী পরিনীতি চোপড়া। মাতৃত্বের পর নারীর শরীর নিয়ে মন্তব্যকারীদের সমালোচনা করেছেন তিনি।

বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিনীতি বলেন, ‘কেউ যখন একজন নারীর মাতৃত্ব-পরবর্তী শরীর নিয়ে মন্তব্য করে, তখন আমার কাছে সেটা অত্যন্ত অশিক্ষিত মানসিকতা বলে মনে হয়।’

‘শরীরের পরিবর্তন স্বাভাবিক’

পরিনীতি বলেন, জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রভাব মানুষের শরীরে পড়াটাই স্বাভাবিক। চুল কাটলে চুল ছোট হয়, রোদে ঘুরলে ত্বকে তার প্রভাব পড়ে, আবার ব্যায়াম করলে শরীরে পেশির গঠন তৈরি হয়। এসব পরিবর্তন মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করে।

তাঁর প্রশ্ন, ‘অথচ একটি নতুন প্রাণ, একটি নতুন জীবন পৃথিবীতে আনার পর নারীর শরীরে যে পরিবর্তন আসে, সেটাকে কেন ইতিবাচকভাবে উদযাপন করা হয় না?’

মাতৃত্বের পর শরীরে স্ট্রেচ মার্ক হওয়াকে নেতিবাচকভাবে দেখারও সমালোচনা করেন পরিনীতি। তাঁর মতে, একজন মায়ের শরীরে এমন দাগ দেখা গেলে বরং সেটিকে সন্তান জন্ম দেওয়ার স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার অংশ হিসেবে দেখা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকেন

ক্যাটরিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান ট্রোলিং সম্পর্কে পরিনীতি বলেন, তিনি এসব বিষয়ে খুব একটা খোঁজ রাখেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সময় না দেওয়ায় কে কাকে নিয়ে ট্রল করছেন, তা সাধারণত তাঁর চোখে পড়ে না।

পরিনীতির ভাষ্য, এসব বিষয় তাঁর কাছে এতটাই অর্থহীন যে এগুলোর পেছনে সময় নষ্ট করাকে তিনি বোকামি মনে করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!