বিনোদন

রাস্তায় বের হলে অনেকে ‘ফুফু’ বলে ডাকে: দীপা খন্দকার

আপডেট: সেপ্টে ২৪, ২০২৬ : ০৫:৪৩ এএম ১০ ০
রাস্তায় বের হলে অনেকে ‘ফুফু’ বলে ডাকে: দীপা খন্দকার

একসময় টেলিভিশন নাটকে নায়িকা চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। সময়ের সঙ্গে চরিত্রেও এসেছে পরিবর্তন। এখন বোন, ভাবি, খালা, ফুফু কিংবা মায়ের চরিত্রে অভিনয় করেও দর্শকের ভালোবাসা পাচ্ছেন তিনি।

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ফুফু চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন দীপা। চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, বাস্তব জীবনেও অনেকে তাঁকে ‘ফুফু’ বলে ডাকছেন।

এক সাক্ষাৎকারে দীপা খন্দকার বলেন, ‘এ নাটকের ফুফু চরিত্রটি এতটা জনপ্রিয় হবে, ভাবিনি। এখন রাস্তায় বের হলে অনেকেই আমার নাম না ধরে “ফুফু” বলে ডাকে।’

অভিনেত্রী মনে করেন, বয়স ও জীবনের পরিবর্তনের সঙ্গে পর্দায় চরিত্রের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। তাঁর ভাষায়, ‘বাস্তব জীবনে আমি যেই স্টেজে থাকব, স্ক্রিনে আমি তো সেই চরিত্র বা বয়সটাই প্রেজেন্ট করব।’

বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দীপা খন্দকার। পাশাপাশি ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘কর্মফল’সহ আরও কয়েকটি নাটকে তাঁকে দেখা যাচ্ছে।

ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে আগামীর সময়ের অনুষ্ঠান ‘স্টার স্টোরিজ’-এ কথা বলেছেন এই অভিনেত্রী। পান্থ আফজালের সঞ্চালনায় অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ৮টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!