ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী একাধিক সম্পর্কে জড়ালেও এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে হাজির হয়ে বিয়ে ও মাতৃত্ব নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।
শ্রুতির কাছে বিয়ে শুধু কাগজপত্রে সম্পন্ন হওয়া কোনো সম্পর্ক নয়। তাঁর মতে, এটি দুজন মানুষের আত্মিক বন্ধন। তাই জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা আনুষ্ঠানিকতার চেয়ে পারস্পরিক ভালোবাসা ও সম্মানই বেশি গুরুত্বপূর্ণ।
শ্রুতি বলেন, ‘আমার কাছে সুন্দর ব্যাপার হলো, আমার সঙ্গী ও আমি প্রতিদিনই যেন একে অপরকে বেছে নিই। কিন্তু সেটা কোনো কাগজপত্রের কারণে নয়, বরং আমাদের ভালোবাসা থেকে।’
অতীতে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রুতি। একসময় বিয়ের কথাও ভেবেছিলেন। তবে বিয়ের আগেই সেই সম্পর্ক ভেঙে যায়। অবশ্য ওই অভিজ্ঞতা তাঁর মনে বিয়ে নিয়ে কোনো ভয় তৈরি করেনি।
বিয়ের আয়োজন নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন শ্রুতি। তাঁর মতে, বিয়েতে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় না করে সেই অর্থ অসহায় মানুষের সহায়তায় ব্যয় করা যেতে পারে।
অভিনেত্রী বলেন, ‘এসব আয়োজন আসলে কার জন্য করি আমরা? যারা বড় অঙ্কের টাকা খরচ করেন, তাঁদের লজ্জা দিতে চাই না। তবে বিষয়টি আমাকে সবসময় ভাবায়। বিয়েতে অহেতুক টাকা খরচ না করে সেই অর্থ দাতব্য কাজে (অসহায়দের) দিন।’
মাতৃত্ব নিয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন শ্রুতি। তিনি বলেন, মাতৃত্ব তাঁর পছন্দ। তবে পরিবার কিংবা সমাজের প্রত্যাশার কারণে নয়, নিজের ইচ্ছাতেই মা হতে চান তিনি।
অভিনয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শ্রুতি। তাঁর হাতে রয়েছে একটি তামিল ও একটি তেলুগু সিনেমা। তামিল সিনেমা ‘ট্রেন’-এর শুটিং শেষ হয়েছে, চলছে প্রি-প্রডাকশনের কাজ। অন্যদিকে তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’র শুটিং চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!