বিনোদন

ঢাকায় আন্দ্রেই তারকোভস্কির চলচ্চিত্রভাবনা নিয়ে আলোচনা

আপডেট: সেপ্টে ৩০, ২০২৬ : ০৬:০৫ এএম ৭ ০
ঢাকায় আন্দ্রেই তারকোভস্কির চলচ্চিত্রভাবনা নিয়ে আলোচনা
ঢাকার রাশিয়ান হাউসে আন্দ্রেই তারকোভস্কির চলচ্চিত্রকর্ম ও নির্মাণদর্শন নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের প্রভাবশালী নির্মাতা আন্দ্রেই তারকোভস্কির জীবন, চলচ্চিত্রকর্ম ও নির্মাণদর্শন নিয়ে ঢাকায় বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাশিয়ান হাউস ইন ঢাকা ও ঢাকা নিউ সিনেমা যৌথভাবে এ আয়োজন করে।

‘এ ফ্রেন্ড ইন ডায়ার টাইমস: এক্সপ্লোরিং দ্য সিনেমা অব আন্দ্রেই তারকোভস্কি’ শিরোনামের অনুষ্ঠানে চলচ্চিত্রপ্রেমীরা তারকোভস্কির গল্প বলার নিজস্ব ধরন এবং তাঁর চলচ্চিত্রের দার্শনিক দিকগুলো নিয়ে আলোচনা করেন।

আলোচনায় তাঁর সিনেমায় সময়, স্মৃতি, শব্দ, নীরবতা ও স্থান ব্যবহারের পাশাপাশি দৃশ্য বা ইমেজের অর্থ কীভাবে নির্মিত হয়, তা গুরুত্ব পায়। চলচ্চিত্রকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, মানুষের অভিজ্ঞতা ও চিন্তার প্রকাশের একটি মাধ্যম হিসেবে দেখার তারকোভস্কির দৃষ্টিভঙ্গিও আলোচনায় উঠে আসে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল ইমেজ এবং স্বল্পদৈর্ঘ্যের ডিজিটাল কনটেন্টের বিস্তার চলচ্চিত্রের ভাষাকে কীভাবে প্রভাবিত করছে, সেই প্রেক্ষাপটেও তারকোভস্কির নির্মাণদর্শনের প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে তাঁর চলচ্চিত্রভাষা এবং বিশ্ব চলচ্চিত্রে অবদান নিয়ে পর্যালোচনা করা হয়। বক্তারা তাঁর কাজ সমকালীন চলচ্চিত্র নির্মাণে কীভাবে প্রভাব রেখে চলেছে, সে বিষয়েও আলোকপাত করেন।

ডিজিটাল ও ভার্চুয়াল প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে চলচ্চিত্রের ভবিষ্যৎ এবং মানুষের অভিজ্ঞতা ও শিল্পীর সৃজনশীল প্রকাশের ভূমিকা নিয়েও অনুষ্ঠানে আলোচনা হয়।

আন্দ্রেই তারকোভস্কি তাঁর ধীরস্থির নির্মাণভঙ্গি, কাব্যিক দৃশ্যায়ন এবং দার্শনিক ও আধ্যাত্মিক বিষয় অনুসন্ধানের জন্য বিশ্ব চলচ্চিত্রে পরিচিত। তাঁর চলচ্চিত্রে স্মৃতি, সময় ও মানবিক অভিজ্ঞতার মতো বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে।

আয়োজনে চলচ্চিত্রকে বিনোদনের পাশাপাশি স্মৃতি সংরক্ষণ, চিন্তার পরিসর তৈরি এবং মানুষের অভিজ্ঞতাকে গভীরভাবে উপলব্ধি করার একটি শিল্পমাধ্যম হিসেবেও বিবেচনা করা হয়।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!