ব্রাইডাল ফটোশুটে প্রায়ই দেখা যায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সিনেমার কাজের ব্যস্ততা কিছুটা কম থাকলে মেকওভার ও ফটোশুটে নিজেকে নতুনভাবে তুলে ধরেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ব্রাইডাল সাজে ফটোশুট করেছেন অপু বিশ্বাস।
সেখানে বরবেশে দেখা গেছে চিত্রনায়ক আদর আজাদকে। তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন অনেকে।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ফটোশুটের কিছু ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছেন অপু বিশ্বাস। ছবিগুলোতে কখনো একসঙ্গে, আবার কখনো আলাদা ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে দুজনকে। বিয়ের হলুদের অনুষ্ঠানের আবহে সাজানো হয়েছে তাঁদের পোশাক ও সাজসজ্জা।
অপু বিশ্বাসের পরনে ছিল জলপাই রঙের নকশা করা লেহেঙ্গা। এর সঙ্গে হলুদ ওড়না। কানে ও গলায় ভারী অলংকারে কনের সাজ আরও ফুটে উঠেছে। অন্যদিকে আদর আজাদের পরনে ছিল লাল কাজ করা পাঞ্জাবি। বর-কনের সাজে দুজনকে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে।
ফটোশুটের কিছু ছবিতে অপুর লাল দোপাট্টার নিচে আদর আজাদকে দেখা যায়। আবার কোনো ছবিতে মিষ্টি হাসিতে ভিন্ন দিকে তাকিয়ে পোজ দিয়েছেন অপু। তাঁদের এই রসায়ন নজর কেড়েছে ভক্তদের।
ফেসবুকে ছবিগুলো প্রকাশ করে অপু বিশ্বাস লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা।’
ছবিগুলো প্রকাশের পর অনেকে তাঁদের জুটির প্রশংসা করছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, একসঙ্গে তাঁদের বেশ মানিয়েছে। এমনকি কয়েকজনের মন্তব্যে এসেছে, শাকিব খানের চেয়ে আদর আজাদের পাশে অপুকে বেশি মানিয়েছে।
এই ফটোশুটের মেকওভারের পাশাপাশি স্টাইলিং, কনসেপ্ট, পোশাক ও গহনার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও কৃতিত্ব দিয়েছেন অপু বিশ্বাস। ফটোশুটের ছবিগুলো এরই মধ্যে অপু বিশ্বাস ও আদর আজাদের সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইনে বেশ সাড়া ফেলেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!