নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আলোচিত সিনেমা ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও জনপ্রিয় ‘ঝিমলি’ চরিত্রে দর্শকের সামনে আসছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার তাঁকে দেখা যাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
মুক্তির আগে থেকেই সিনেমাটির প্রচারে ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন কৌশানী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে দেখা গেছে পুরোপুরি মেছুনির সাজে। আর সেই ভিডিও নিয়েই নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ এতে কৌশানীকে দেখা যায়, চুল শক্ত করে খোঁপায় বাঁধা, পরনে সাধারণ শাড়ি এবং মুখে শ্যামলা মেকআপ। একেবারে ডি-গ্ল্যাম লুকে তাঁকে দেখে চেনাই কঠিন।
হাতে বড় বড় মাছ নিয়ে বাজারের মেছুনির মতো ক্রেতাদের ডাকতে দেখা যায় অভিনেত্রীকে। শুধু মাছ বিক্রির অভিনয়ই নয়, শুটিংয়ের অংশ হিসেবে মাছ কাটতেও হয়েছে তাঁকে। বড় মাছ বটির কাছে নিয়ে কাটার সময় বেশ হিমশিম খেতে দেখা যায় কৌশানীকে।
একপর্যায়ে মজার ছলে তাঁকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’
ভিডিওতে মাছ কাটার পাশাপাশি বাজারের হকারদের মতো গলা ফাটিয়ে মাছ বিক্রির হাঁক দিতেও দেখা যায় তাঁকে। ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান’—এভাবেই ক্রেতাদের ডাকেন তিনি।
শুটিংয়ের সময় শেষ করার তাগিদও ছিল কৌশানীর কণ্ঠে। রসিকতার সুরে তিনি বলেন, ‘এরকম করছি, এর মধ্যেই কিনে নিন, পায়ে পড়ছি।’
‘বহুরূপী’ সিনেমায় ঝিমলি চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন কৌশানী। এবার একই চরিত্রের নতুন রূপ নিয়ে পর্দায় ফিরছেন তিনি। সিনেমাটি মুক্তির আগে প্রচারণার এমন ভিন্নধর্মী আয়োজন দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে।
No comments yet. Be the first to comment!