টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ মুক্তি পাচ্ছে এবারের দুর্গাপূজায়। সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এর মধ্যেই ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষকে পছন্দ তাঁর।
মিমির ভাষায়, জীবনসঙ্গীকে হতে হবে ভালো মানুষ ও ভালো বন্ধু। তাঁর মতো ঘুরতে ভালোবাসতে হবে, হতে হবে আনন্দপ্রিয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাঁর সন্তানদের ভালোবাসতে হবে।
জীবনসঙ্গী কেমন হওয়া উচিত—এমন প্রশ্নের উত্তরে মিমি বলেন, ‘ভালো মানুষ হবে। আমার খুব ভালো বন্ধু হবে। খুব ফান লাভিং হবে। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি, তেমন ভালোবাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার বাচ্চাদের খুব ভালোবাসবে।’
নিজের বিয়ে নিয়ে অবশ্য এখনই খুব একটা ভাবছেন না মিমি। অন্যদের বিয়েতে যেতে তাঁর ভালো লাগে বলে জানান তিনি। মজার ছলে অভিনেত্রী বলেন, বিয়ের অনুষ্ঠানে নিরামিষ খাবারের আয়োজন বেশি থাকলে তাঁর আরও ভালো লাগে। নিজের বিয়ের প্রসঙ্গে তাঁর কথা, ‘আর যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।’
নতুন সিনেমায় মিমি
এবারের দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে মিমি চক্রবর্তী অভিনীত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। ছবিতে সুমিত্রা চরিত্রে দেখা যাবে মিমিকে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ।
চরিত্রটির প্রস্তুতি নিয়ে মিমি জানান, সৃজিত তাঁকে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’র পুপে চরিত্রের রেফারেন্স দিয়েছিলেন। সেই সূত্র ধরে নিজের চরিত্রটি বোঝার ও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!