বিনোদন

নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই: ক্যাটরিনা

আপডেট: অক্টো ১০, ২০২৬ : ০৬:১৮ এএম ৪ ০
নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই: ক্যাটরিনা

মা হওয়ার পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এত দিন এ বিষয়ে প্রকাশ্যে কথা না বললেও এবার নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। ক্যাটরিনার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যরা কী বলছেন, তা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা উচিত নয়।

লন্ডনে নিজের প্রসাধনী ব্র্যান্ডের বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন এই অভিনেত্রী। কারও নাম উল্লেখ না করেই নেতিবাচক মন্তব্য ও অনলাইন ট্রলিংয়ের বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি।

ক্যাটরিনা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলছেন বা কী ধরনের ধারণা তৈরি করছেন, তা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা ভুল। সবাইকে খুশি করতে গেলে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাও হারিয়ে যেতে পারে।

নেতিবাচক মন্তব্যে থেমে থাকতে চান না

নিজের মানসিক শক্তির কথা তুলে ধরে ক্যাটরিনা বলেন, তাঁকে নিয়ে করা প্রতিটি নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দিয়ে সেগুলোকে জীবন পরিচালনা করতে দিলে হয়তো তিনি ভয়ে এক জায়গায় স্থির হয়ে যেতেন। জীবনে আর এগিয়ে যেতে পারতেন না।

অভিনেত্রীর মতে, বাইরের পৃথিবী যখন কাউকে সমর্থন করবে না, তখন নিজের সবচেয়ে বড় সমর্থক হতে হবে নিজেকেই। জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না—এ বিষয়টি মেনে নেওয়াও জরুরি।

সব সময় সবকিছু নিখুঁত থাকে না

ক্যাটরিনা বলেন, জীবনে কখনো সবকিছু মনের মতো হবে, আবার কখনো কিছুই ঠিকঠাক মনে হবে না। কখনো নিজেকে সেরা মনে হতে পারে, আবার কখনো নিজের সেরা অবস্থায় পৌঁছানোর যাত্রা চলতে থাকে।

তাই জীবনের এসব পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তিনি। নিজেকে নিয়ে অতিরিক্ত গম্ভীর বা চিন্তিত হওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন এই অভিনেত্রী।

গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা। এরপর তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও ট্রলিং শুরু হয়। সে সময় সালমান খান, হৃতিক রোশন, সমীরা রেড্ডি ও সৌন্দর্য রজনীকান্তের মতো তারকারা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। এত দিন নীরব থাকলেও এবার নিজের বক্তব্যের মাধ্যমে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার গুরুত্ব তুলে ধরলেন ক্যাটরিনা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!